চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলডিপি সভাপতি অলি আহমদ অভিযোগ করেছেন, সরকার নিজেদের ‘অপকর্মে’ ভীত হয়ে বিভিন্ন দল থেকে নেতা ভাগাতে একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
অলি আহমদ সতর্ক করে দিয়ে বলেন, “গোয়েন্দা সংস্থার এসব দালালদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকার পরিবর্তন হলে এদের অবশ্যই বিচার করা হবে।”
তিনি আরও বলেন, ‘গলাবাজি ও মিথ্যা বুলি’ আউড়ে ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন এলডিপি নেতা কফিলউদ্দিন, এয়াকুব আলী, গণতান্ত্রিক ছাত্রদলের নেতা মেহেদী হাসান, শাহরিয়ার ইমরান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২০৪৫ ঘ.
bdnews24