২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফর সফল: খালেদা

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর দেশে রওনা হওয়ার সময় বিমান বন্দরে সাংবাদিকদের একথা বলেন বিএনপি চেয়ারপারসন। বিরোধীদলীয় নেতার ভারত সফরের খবর জানাতে তার সঙ্গে থাকা সুমন মাহমুদ জানাচ্ছেন নয়া দিল্লি থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 05:17 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নয়া দিল্লি, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহব্যাপী ভারত সফর সফল হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সফরের শেষ দিন শনিবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকের পর ঢাকায় রওনা হওয়ার আগে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, “অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। যে আন্তরিকতা ও আতিথেয়তা তা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। এই সফর সফল হয়েছে বলে আমি মনে করি।” নয়া দিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বৈঠকের পর সরাসরি ইন্দিরা গান্ধী বিমানবন্দরে যান খালেদা জিয়া। খালেদা জিয়া বলেন, “ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আমি তাকে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছি। আমার বিশ্বাস, দুই দেশের আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হবে।” এই বৈঠকের বিষয়ে ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রণব মুখার্জি বাংলাদেশের উন্নয়নে বর্তমানে বিরোধীদলীয় নেতা এবং আগের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নয়া দিল্লি সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে ভারতের রাষ্ট্রপতি খালেদা জিয়াকে জানিয়েছেন। এই সম্পর্ক আরো গাঢ় করতে দুই দেশের কর্মকর্তারা কাজ করে যাবেন বলে আশা করেন তিনি। খালেদা জিয়াও বলেন, তার দল বিএনপি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। পশ্চিমবঙ্গের বাঙালি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। সফরের প্রথম দিন ২৮ অক্টোবর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি থাকলেও ভারতের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের কারণে তা বাতিল হয়। রাষ্ট্রপতি হওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে একাধিকবার বৈঠকের কথাও স্মরণ করেন প্রণব মুখার্জি। দুপুর সাড়ে ১২টার দিকে (দিল্লি সময়) জেট এয়ারওয়েজের একটি বিমানে নয়া দিল্লি ছাড়েন বিরোধীদলীয় নেতা। বিমান বন্দরে তাকে বিদায় জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হর্ষবর্ধনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা। নয়া দিল্লি সরকারের আমন্ত্রণে এই সফরে যান খালেদা জিয়া। তার এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতারা। অন্যদিকে ভারত বলছে, এটা বাংলাদেশের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে নয়া দিল্লির যোগাযোগের অংশ। সফরে ভারতের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা। তবে ক্ষমতাসীন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে তার বৈঠক হয়নি, যা তার এই সফরে ছায়া ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দেশে সাধারণ নির্বাচনের এক বছর আগে এই সফরে খালেদা জিয়া অতীত দূরে রেখে ভারতের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার ওপর জোর দেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। বিরোধীদলীয় নেতার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, “তিনি (খালেদা) স্বীকার করে নিলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের এদেশে প্রশ্রয় দেয়া হয়েছে।” ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, বিজেপি প্রধান নীতিন গডকারি, লোকসভায় বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন খালেদা। এসব বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, সন্ত্রাসবাদ, বাণিজ্য সম্প্রসারণ, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো নিয়ে আলোচনা করেন তিনি। এই সফরে আজমীরে সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) মাজারও জিয়ারত করেন বিরোধীদলীয় নেতা। খালেদা জিয়া সর্বশেষ ২০০৬ সালে ভারত সফরে যান। সেবার তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। বিরোধীদলীয় নেতা হিসেবে প্রতিবেশী দেশটিতে এটাই তার প্রথম সফর। এই সফরে খালেদার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানী, প্রেসসচিব মারুফ কামাল খান প্রমুখ। বিরোধীদলীয় নেতার এই সফরের সংবাদ জানাতে তার সঙ্গে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০২ ঘ.