ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুংয়ের দেয়া নৈশভোজে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ভিয়েতনাম উভয়ই বদ্বীপাকৃতির উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বায়ন, বৈশ্বিক, অর্থনৈতিক মন্দা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে অনেকগুলো অভিন্ন সমস্যা মোকাবেলায় করছে। সুতরাং এসব চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমাদের সম্মিলিত শক্তির ওপরই সাফল্য নির্ভর করছে।”
বাংলাদেশ ভিয়েতনাম ও সকল দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ ধরনের জোট গঠনে আগ্রহী বলে জানান শেখ হাসিনা।
শেখ হাসিনা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র খুঁজে দেখা এবং তা কাজে লাগানোর ওপর জোর দেন।
তিনি বলেন, “ভিয়েতনাম বিনিয়োগকারীদের বাংলাদেশে আসা ও বিনিয়োগের উপযোগী পরিবেশ বিরাজ করছে।”
প্রধানমন্ত্রী ২০১৬-১৭ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য, গঙ্গা-ম্যাকং কো-অপারেশন ইনিসিয়েটিভ, দ্য ইস্ট-ওয়েস্ট ইকোনোমিক করিডোর ও আসিয়ান ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে ভিয়েতনামের সমর্থন চান।
ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ
এর আগে শেখ হাসিনা বিকেলে প্রেসিডেন্ট প্রাসাদে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুং তান সাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ ব্যাপারে সাংবাদিকদের জানান।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে বিশেষ করে বাণিজ্য-ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বাংলাদেশ থেকে ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, প্ল¬াস্টিক সামগ্রী, জুতা, সিরামিক, হস্তশিল্প, আলু ও প্রধাধনী আমদানি করার জন্য ভিয়েতনামের ব্যবসায়ীদের উৎসাহিত করা জন্য সে দেশের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর এ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর ৪৮ জাতি ফোরামের সম্মেলন ‘এশিয়া-ইউরোপ মিটিং সামিটে’ যোগ দিতে লাওসে যাওয়ার আগে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
শনিবার হো চি মিনের স্মৃতিস্তম্ভ ও ভিয়েতনামের শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি একটি সেমিনারে যোগ দেবেন এবং ভিয়েতনামের শিল্প ও কৃষি ব্যবস্থা ঘুরে দেখবেন।
ভিয়েতনাম থেকে রোববার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের উদ্দেশে হ্যানয় ত্যাগ করবেন শেখ হাসিনা। ওইদিনই তিনি প্রেসিডেন্ট প্রাসাদে লাও প্রজাতন্ত্রের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
৫ নভেম্বর সোমবার লাও জাতীয় সম্মেলন কেন্দ্রে নবম নবম ‘এশিয়া-ইউরোপ মিটিং সামিট অব হেডস অব স্টেট অ্যান্ড গভার্নমেন্ট’ এ অংশ নেবেন শেখ হাসিনা।
এই সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সঙ্কট, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক-সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর নেতারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ছয় দিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। এছাড়া এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/০০৫৮ ঘ.
bdnews24