সুমন মাহমুদ
প্রধান রাজনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নয়া দিল্লি, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফরের শেষ দিনে শনিবার সকালে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন।
শুক্রবার রাতে নয়া দিল্লির হোটেল তাজ প্যালেসে এক সংবাদ ব্রিফিঙে খালেদার সফরসঙ্গী শমসের মবিন চৌধুরী এ তথ্য জানান।
বিএনপির এই সহসভাপতি বলেন, “দেশে ফেরার আগে শনিবার সকাল সাড়ে ১০টায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি ভবনে এই বৈঠক হবে।’’
সফরের প্রথম দিন ২৮ অক্টোবর বিকালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদার সাক্ষাতের কর্মসূচি থাকলেও ভারতে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণের কারণে তা শেষ মুহূর্তে বাতিল করা হয়।
সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী আরো জানান, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর দুপুর সাড়ে ১২টায় খালেদা জিয়া জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ফিরবেন।
ভারত সরকারের আমন্ত্রণে গত ২৮ অক্টোবর খালেদা জিয়া ৭ দিনের সফরে নয়া দিল্লি পৌঁছান।
সফরকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশীদ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন, লোকসভার বিরোধী দলীয় নেতা সুষমা স্বরাজ ও ভারতীয় জনতা পার্টির সভাপতি নীতিশ গরকারী প্রমুখ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
খালেদার এই সফরের সংবাদ জানাতে তার সঙ্গে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০২৮ ঘ.
bdnews24