নরসিংদী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব অনুষ্ঠানে অংশ নেন।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই শহরের দোকান-পাট, বাড়ি-ঘর ও যানবাহনে কালো পতাকা উত্তোলন করা হয়। শহরের শালিধায় মেয়র লোকমানের কবরে ফুলও দেয়া হয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে ফুল দেন লোকমানের ছোট ভাই ও বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মা মাজেদা বেগম, স্ত্রী তামান্না নুসরাত বুবলী, শিশু কন্যা নাজা ও ছেলে শালফি।
গত বছরের ১ নভেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আততায়ীদের গুলিতে নিহত হন দলের নরসিংদী শহর শাখার সাধারণ সম্পাদক লোকমান।
হত্যাকাণ্ডের জন্য মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর অনুসারীদের দায়ী করছে নিহতের পরিবারের সদস্যরা।
লোকমানের ভাই কামরুজ্জামান যে ১৪ জনকে আসামি করে মামলা করেছেন, তার অধিকাংশই স্থানীয় আওয়ামী লীগ নেতা।
স্বামীর মৃত্যুবার্ষিকীতে তামান্না নূসরাত বুবলী সাংবাদিকদের বলেন, “আমার স্বামীকে হত্যা করে খুনিরা তাদের পরিকল্পিত পথে বেরিয়ে যাবার অপচেষ্টা চালাচ্ছে। আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করছি, হত্যাকাণ্ডের বিচার একদিন হবে ইনশাল্লাহ।”
স্বামীর হত্যাকারীদের বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বুবলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/২১৫৪ ঘ.
bdnews24