ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. কামাল হোসেন ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে গণতন্ত্রের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তারা ‘তৃতীয় শক্তি’ আসার পথ তৈরি করতে চাইছেন।
এই দুই রাজনৈতিক নেতার সাম্প্রতিক তৎপরতার সমালোচনা করে বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, “আমাদের কাছে জরুরি হল এই সব বিশ্বাসঘাতকদের মুখোশ উন্মোচন করে বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা।”
গণফোরাম সভাপতি ড. কামাল ও বিকল্পধারা সভাপতি বি চৌধুরী গত ২১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান অবস্থায় হতাশা প্রকাশ করে ‘জাতীয় ঐক্যের’ ডাক দেন।
এক সময়ের আওয়ামী লীগ নেতা ড. কামালের সমালোচনা করে এই দলের বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন আলমগীর বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় ড. কামাল ইউরোপ সফরে ছিলেন। লন্ডনের প্রবাসী বাঙালিরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একটা বিবৃতি দেয়ার জন্য বার বার তাকে অনুরোধ করেছিলেন, তিনি তাতে সাড়া দেননি।
“এমনকি মইনুদ্দিন-ফকরুদ্দীনরা যখন এদেশে গণতন্ত্রের টুঁটি চেপে ধরেছিলেন, তখনো এই কামাল হোসেন প্রকারান্তরে তাদের সমর্থন করলেন।”
সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী সম্পর্কে মন্ত্রী বলেন, “তিনি নাকি গণতন্ত্র উদ্ধার করবেন। গণতন্ত্র উদ্ধার করার জন্য তিনি লাভের লোভে জিয়াউর রহমান স্বৈরশাসকের দলে যোগ দিয়েছিলেন।”
মহীউদ্দীন আলমগীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশন’ আয়োজিত ‘অবিলম্বে জেলহত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এই প্রসঙ্গে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সমালোচনাও করেন মন্ত্রী।
“ভুলে যাবেন না এই কথিত ভদ্রলোককে যখন ইয়াজউদ্দিন-মইনুদ্দীন-ফকরুদ্দীনরা আইন বিষয়ক উপদেষ্টা বানিয়ে সামনে ছেড়ে দিয়েছিল, তখন তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করা তার সরকারের জন্য জরুরি কাজ নয়।”
সভায় বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান, মাহাবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম, নুরুল ইসলাম ঠান্ডু, সংসদ সদস্য শাহরিয়ার আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২০৩৩ ঘ.
bdnews24