ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার বাদিকে সাক্ষ্য দিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে বাদি আদালতে অনুপস্থিত থাকায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এই আদেশ দেন। ১১ নভেম্বর তাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়কর রির্টান জমা দেয়ার সময় ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে ব্যস্ত থাকায় বাদি আদালতে আসতে পারেননি।
জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন ২০১০ সালের মার্চে কোকোর বিরুদ্ধে এ মামলা করেন।
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে দেয়া আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকির অভিযোগ আনা হয় মামলার এজাহারে।
গত বছরের ২৩ জুন অর্থপাচারের অভিযোগে একটি মামলায় আরাফাত রহমান কোকোকে ৬ বছর সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫২৫ ঘ.
bdnews24