ফখরুলকে রিমান্ডে পায়নি পুলিশ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের জামিন আবেদনও নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের রিমান্ড আবেদনের পাশাপাশি জামিনের আবেদনও নাকচ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এই বছর এ নিয়ে দ্বিতীয়বার কারাগারে যেতে হল ফখরুলকে। হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় বছরের মাঝামাঝিতে প্রায় এক মাস কারাগারে থাকতে হয়েছিল তাকে, পরে জামিনে বেরিয়ে আসেন তিনি।
মঙ্গলবার হরতালের আগে সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে।
রোববারের (৯ ডিসেম্বর) অবরোধের দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার বিকালে ফখরুলকে ঢাকার হাকিম আদালতে আনে পুলিশ।
বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভের মধ্যেই পুলিশ গাড়িতে করে ফখরুলকে আদালতে নিয়ে আসে। রিমান্ড আবেদনের শুনানিতেও ছিল উত্তাপ।
পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী হোসেন ও তানবীর আহম্মেদের আদালতে ফখরুলের রিমান্ড আবেদনের শুনানি হয়।
শুনানিতে বিএনপি নেতার পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার অংশ নিলেও ছিলেন বিরোধী দল সমর্থক অনেক আইনজীবী।
পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে সাত দিন করে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।
অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকায় ৩৮টি মামলা হয়, যার প্রায় সবকটিতেই ফখরুলকে আসামি করা হয়েছে।
এর মধ্যে দুটি মামলায় হেফাজতের আবেদন হয়, এর একটির বাদি পুলিশ এবং অন্যটির বাদি ঢাকা সিটি কর্পোরেশনের এক গাড়িচালক।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের পক্ষে যুক্তি দেখিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু শুনানিতে বলেন, “অবরোধের দিন সকাল ৭টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল এবং যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দুইশ’ নেতাকর্মী সিটি কর্পোরেশনের গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করে।”
“এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজ-খবর নিতে মির্জা ফখরুলকে রিমান্ডে নেয়া প্রয়োজন।”
গত ৮ ডিসেম্বর গণমাধ্যমে অবরোধের দিন গাড়ি বের করতে বিএনপি নেতার আহ্বান মনে করিয়ে দিয়ে সরকারি এই কৌঁসুলি বলেন, “বিএনপির নেতাকর্মীরা যেভাবে সারাদেশে গাড়ি ভাংচুর করেছে, যা নজিরবিহীন।
“যদি বিএনপির কোনো নেতার গাড়িতে অগ্নিসংযোগ হত, তবেই বুঝত গাড়ি পোড়ানোর যন্ত্রণা। বিএনপি গাড়ি পুড়িয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।”
রফিকুল ইসলাম মিয়া বলেন, “সিটি কর্পোরেশনের গাড়িতে অগ্নিসংযোগের মামলার মতো একটি তুচ্ছ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে রিমান্ডে নেয়ার আবেদন হাস্যকর ও অবিশ্বাস্য।
“অবরোধের দিন মির্জা ফখরুল শেরেবাংলা নগর এলাকায় সাড়ে ৫টার সময় গাড়ি পোড়াতে গেলেন, আর সাংবাদিকরা সে খবর গণমাধ্যমে আনলেন না, এটা অবিশ্বাস্য।”
“সাবেক একজন মন্ত্রী, অধ্যাপক, বিসিএস ক্যাডার লাঠিহাতে নিয়ে ময়লার গাড়ি পুড়িয়েছেন এ কথা কেউ মানবেন না। রকম মামলায় যদি তার রিমান্ডের আবেদন করা হয়, এর থেকে লজ্জার আর কী হতে পারে?”
ফখরুলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে রিমান্ডের বিরোধিতার পাশাপাশি তার জামিন চান রফিকুল ইসলাম মিয়া।
মাহবুবউদ্দিন খোকন বলেন, “মামলায় ঘটনার যে বিবরণ দেওয়া হয়েছে, সেই সময় মির্জা ফখরুল বিএনপির নয়া পল্টনের অফিসে ছিলেন।”
মাসুদ আহম্মেদ তালুকদার শুনানিতে বলেন, “মিথ্যা মামলা দিয়ে যদি মির্জা ফখরুলের মতো নেতাকে রিমান্ডে নেয়া হয়, তাহলে শেষ পর্যন্ত এদেশে তৃতীয় শক্তির আবির্ভাব ঘটবে।”
এই কথা বলার সঙ্গে সঙ্গে সরকার সমর্থক কয়েকজন হৈ চৈ শুরু করেন। এক পর্যায়ে দুই পক্ষের কনিষ্ঠ আইনজীবীরা এজলাসে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। দুই পক্ষের আইনজীবীরা একে অন্যকে এজলাস থেকে বেরিয়ে যেতে হুমকি-ধমকি দিতে থাকেন।
জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে আসামি পক্ষে শুনানি শুরু করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।
তিনি বলেন, “এমন একটি মিথ্যা মামলা দায়ের করে মির্জা ফখরুলকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে, যা দেখে দেশের জনগণ হাসবে।
“মির্জা ফখরুল সিটি কর্পোরেশনের গাড়ি পোড়াতে গেছেন নিজে! হায়রে সরকার! সরকার নির্লজ্জভাবে ফখরুলের বিরুদ্ধে এই ময়লার গাড়ি পোড়ানোর মামলা করেছে।”
দুই আদালতেই শুনানি শেষে দুই বিচারক রিমান্ড আবেদন নাকচ করেন, সেই সঙ্গে নাকচ করেন জামিনের আবেকদনও।
আদালতের আদেশে এরপর মির্জা ফখরুলকে কারাগারে নিয়ে যায় পুলিশ। ওই সময় বিএনপি সমর্থক আইনজীবীরা আদালতে বিক্ষোভ করে।
ফখরুলের বিরুদ্ধে ঢাকা সিটি কর্পোরেশনের গাড়ি ভাংচুরের অভিযোগে পল্টন থানার মামলাটি করেন মো. আয়নাল নামে কর্পোরেশনের এক গাড়িচালক।
এতে ফখরুল ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার মামলাটি করেছেন ওই থানার উপপরিদর্শক রুহুল আমিন। এই মামলায়ও ফখরুলের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা দেয়া, হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
