২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলকে রিমান্ডে চাইবে পুলিশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুখ ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে চাইবে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 09:20 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুখ ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে চাইবে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মনিরুল ইসলাম মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, রোববার অবরোধের সময় সিটি কর্পোরেশনের গাড়ি ভাংচুরের ঘটনায় যে মামলা হয়েছে তাতেই মির্জা ফখরুলকে রিমান্ডে চাওয়া হবে।

সোমবার সন্ধ্যায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে মির্জা ফখরুলকে এই মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

অবরোধে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা অধিকাংশ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আসামি করা হয়েছে বলে মনিরুল ইসলাম জানান।

১৮ দলের অবরোধের সময় ঢাকা সিটি কর্পোরেশনের একটি গাড়ি ভাংচুরের অভিযোগে রোববার রাতে ফখরুলের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা হয়।

মো. আয়নাল নামে সিটি কর্পোরেশনের এক গাড়িচালক ওই মামলা দায়ের করেন। এতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

চলতি বছরের প্রথম ভাগে হরতালে গাড়ি পোড়ানোর আরেকটি মামলায় কারাগারে যেতে হয়েছিল ফখরুলকে। ওই মামলায় কিছু দিন কারাগারে থাকার পর জামিনে ছাড়া পান তিনি।