২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলকে গ্রেপ্তারে ‘উদ্বেগ’ ব্লেকের

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 07:37 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

ঢাকা সফররত ব্লেক সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বাড়িতে বৈঠকে বসেন। এই আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলেরও থাকার কথা ছিল।

কিন্তু নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে গুলশানে রওনা হওয়ার সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফখরুলকে অবরোধে গাড়ি ভাংচুরের এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

খালেদার সঙ্গে ব্লেকের বৈঠকের পর বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গ্রেপ্তারের কথা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন। তাকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়েছেন তিনি।

“জবাবে বিরোধীদলীয় নেতা বলেছেন, ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের ফলে সংলাপের মাঠ তৈরি হচ্ছে না।”

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থানের মধ্যে রাজনৈতিক সংঘাত এড়াতে ওয়াশিংটন আগে থেকে সংলাপের আহ্বান জানিয়ে আসছে।

সংলাপের ক্ষেত্রে সরকারের ‘আন্তরিকতা’ নেই বলে বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রীকে জানানো হয়।

বিরোধী দলীয় নেতার সঙ্গে রাত ৮টা ২০ মিনিট থেকে ৫০ মিনিট স্থায়ী বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি তৈরি পোশাক শিল্প, আঞ্চলিক সহযোগিতা নিয়েও কথা বলেন ব্লেক।

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক হাইকমিশনার সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

রবার্ট ব্লেক সাংবাদিকদের বলেন, “আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে।”

শমসের মবিন চৌধুরী বলেন, সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপের মাধ্যমেই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে বলে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যক্ত করেছেন ব্লেক।

নারী উন্নয়ন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে গত শনিবার ঢাকায় আসা রবার্ট ব্লেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেছেন।

তবে এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী, মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে প্রধানমন্ত্রী এবার রবার্ট ব্লেককে সময় দিতে পারছেন না বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।