২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা দিলেই ফের কর্মসূচি: মওদুদ

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচিতে বাধা দিলে সেখান থেকেই আবার কর্মসূচি দেয়া হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 07:14 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচিতে বাধা দিলে সেখান থেকেই আবার কর্মসূচি দেয়া হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন মওদুদ আহমদ।

শুক্রবার সকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “রোববারের রাজপথ অবরোধ কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই কর্মসূচির মধ্য দিয়ে সরকার পতন আন্দোলনকে চূড়ান্ত পর্যায় নিয়ে যাওয়া হবে।”

“তাই সরকারকে বলব, অবরোধ কর্মসূচিতে বাধা দেবেন না। বাধা দিলে সঙ্গে সঙ্গে পাল্টা কর্মসূচি দেয়া হবে। বরং অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন”, বলেন মওদুদ।

নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রোববার সারাদেশে রাজপথ অবরোধের এই কর্মসূচি দিয়েছে ১৮ দলীয় জোট। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গত ২৮ নভেম্বর নয়া পল্টনের জনসভা থেকে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জানান, ভোর ৬টা থেকে ৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচিতে দেশের প্রধান প্রধান মহাসড়ক ও সড়কগুলো অবরোধ করবে ১৮ দলীয় জোট কর্মীরা।

জাতীয় প্রেস ক্লাবে ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘সচল সংসদ ও গণতন্ত্র নিশ্চিত করতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ আহমদ বলেন, এই কর্মসূচিতে বাধা দিয়ে সংঘাত সৃষ্টি করা হলে তা সরকারের জন্য বড় বিপদ ডেকে আনবে।

ক্ষমতাসীনরা সংঘাত চাইলে বিরোধী দলের নেতা-কর্মীরা ঘরে বসে থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

সরকারকে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার ব্যবস্থার পুনর্বহাল চাই। এই দাবি সরকারকে মানতে হবেই। দেশে একদলীয় নির্বাচন হতে দেয়া হবে না।”

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে সরকারও জড়িত অভিযোগ করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “দুর্নীতি দমন কমিশন পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের জড়িত ব্যক্তিদের বাঁচানোর অপচেষ্টা করছে। এতে লাভ হবে না।”

“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বর্তমান সরকারের পতনের জন্য পদ্মাসেতুর দুর্নীতিই হবে মরণফাঁদ”, বলেন তিনি।

গণমাধ্যমে আসা খবরের বরাত দিয়ে মওদুদ দাবি করেন,“এই সেতু নির্মাণের অর্থ থেকে সরকার সর্বমোট দুই হাজার ৪শ কোটি টাকা ঘুষ খেতে চেয়েছিল। বিশ্বব্যাংকের সজাগ দৃষ্টির কারণে তা ব্যর্থ হয়ে গেছে। প্রথম দফায় তারা কাজ পাইয়ে দেয়ার নামে তিনশ ২০ কোটি টাকা ঘুষ নিতে গিয়ে ইতিমধ্যে বিশ্বব্যাংকের কাছে ধরা পড়ে গেছে।”

দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদনে ‘প্রধানমন্ত্রীর দেশপ্রেমিক’ আবুল হোসেন ‘ধরা পড়ে গেছেন’ বলেও মন্তব্য করেন মওদুদ।

তিনি বলেন, “এখন কাকে বাদ দেবে, কাকে অভিযুক্ত করবে- এ নিয়ে সরকারের এজেন্ট হিসেবে স্বীকৃত দুর্নীতি দমন কমিশন দরকষাকষি করছে। তারা সৈয়দ আবুল হোসেনসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছে।”

ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংসদ নিলুফার চৌধুরী মনি, সাবেক সাংসদ মাস্টার এম এ মতিন, হেলেন জেরিন খান, ব্যারিস্টার আনোয়ার হোসেন আলোচনা সভায় বক্তব্য দেন।

এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে বিএনপিপন্থী সংগঠন আগ্রাসন প্রতিরোধ কমিটি ও জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে দুটি মানববন্ধন হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক এসব কর্মসূচিতে অংশ নিয়ে রোববারের অবরোধ কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, বিএনপির সহ প্রচার সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এসব মানববন্ধন কর্মসূচি বক্তব্য দেন।