২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে দিনভর গাড়ি ভাংচুর, বিক্ষিপ্ত সংঘর্ষ

হরতালকারীরা সারা দেশে অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে বা আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে। এসব ঘটনায় রাজধানীতেই গ্রেপ্তার করা হয়েছে ৬৯ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 07:54 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল শেষ হয়েছে।

মঙ্গলবার সারাদিনই রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর, যাত্রাবাড়ী ও খিলক্ষেতে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে।

এদিন হরতালকারীরা সারা দেশে অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে বা আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব ঘটনায় কেবল রাজধানীতেই ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে রমনা থানায় নয় জন, শাহবাগে একজন, কলাবাগানে একজন, মতিঝিলে আট জন, খিলগাঁওয়ে তিনজন, রামপুরায় সাতজন, শাজাহানপুরে চারজন, শ্যামপুরে তিনজন, যাত্রাবাড়ীতে নয় জন, মিরপুরে ২২জান ও মোহাম্মদপুরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহানগর পুলিশের হিসাবে রাজধানীতে ১৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, যার মধ্যে পুলিশের তিনটি গাড়িও রয়েছে।

যুদ্ধাপরাধে অভিযুক্ত শীর্ষনেতাদের মুক্তি ও বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সোমবার দুপুরে এই হরতাল ডাকে। বিএনপিসহ অন্য শরিকরাও এই হরতালে ‘নৈতিক সমর্থন’ দেয়।

সকালে রাজধানীতে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বিভিন্ন বাহনের চলাচল বাড়তে থাকে। সড়কে অটোরিকশা ও রিকশা চলছে অন্যদিনের মতোই। তবে অনেক মানুষকে বিভিন্ন মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

দুপুরের পর থেকে রাজপথে লোকসমাগম ও যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

দিনের প্রথম ভাগে গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও সায়েদাবাদ থেকে বাস ছেড়েছে বিভিন্ন গন্তব্যে। রেল ও লঞ্চ চলাচলও ছিল স্বাভাবিক।

দূর পাল্লার বাস কম থাকায় মাওয়া-কাওড়াকান্দি ঘাটে অধিকাংশ লঞ্চ ও স্পিড বোট ছিল নোঙর করা। বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ছিল স্বাভাবিক।

হরতালে রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ক্লাস হয়নি। তবে অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম চলে। সচল ছিল ব্যাংক, বীমাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও। প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়েও কাজ হয়েছে অন্যদিনের মতোই।

বিশৃঙ্খলা ঠেকাতে এদিন রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। ভোর থেকেই প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

তবে এর মধ্যেও হরতালের শুরুতে রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, যাত্রাবাড়ী ও শেওড়াপাড়ায় ঝটিকা মিছিল বের করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে হরতালকারীরা। বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টিরও চেষ্টা করে তারা।

রাজধানীতে হরতালের বিরোধিতায়ও মিছিল হয়েছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে মহাখালী ও মগবাজারে মিছিল করে।

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেইট এলাকায় সকাল পৌনে ৭টার দিকে জামায়াত-শিবিরের কিছু নেতাকর্মী হঠাৎ রাস্তার ওপর টায়ারে আগুন দিলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁওয়ের ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালকারীরা এ সময় অন্তত চারটি গাড়ি ভাঙচুর করে। একটি বাসে আগুন দেয়ারও চেষ্টা করে তারা।

প্রায় একই সময়ে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় হরতাল সমর্থকরা ঝটিকা মিছিল নিয়ে অন্তত পাঁচটি গাড়ি ভাংচুর করে। এ সময় সেখান থেকে জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করে পুলিশ।

যত্রাবাড়ী থানার এস আই এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ভাংচুরের সময় কাউকে আটক করা না গেলেও পরে বিভিন্ন অলিগলিতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।”

সকাল পৌনে ৭টার দিকে রূপসী বাংলা হোটেলের সামনে তিনটি গাড়িতে ভাংচুর করে হরতালকারীরা। পরিবাগের গলি থেকে ২০/২২ জন যুবকের একটি দল হঠাৎ রাস্তায় বেরিয়ে এসে গাড়ি ভাংচুর করে বলে এক প্রত্যক্ষদর্শী জানান।

এ সময় তারা রূপসী বাংলা হোটেলের সামনের পুলিশ বক্সও ভাংচুরের চেষ্টা করে এবং একটি বিলবোর্ডে আগুন দেয়।

সকালে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয় কাজীপাড়া ও শ্যাওড়াপাড়া এলাকায় রোকেয়া সরণীতেও। সাভারে বিশ্বাস পরিবহনের একটি গাড়িতে আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান।

সকাল ১০টার দিকে মিরপুরের আনসারক্যাম্প এলাকায় একটি বাসে আগুন ও তিনটি গাড়িতে ভাংচুর চালায় হরতালকারীরা।

এর আধা ঘণ্টা পর রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারের নিচে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি জিপে হামলা চালায় হরতালকারীরা। বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কে নৌবাহিনীর সদরদপ্তরের ফটকের উল্টো দিকে আগুন দেয়া হয় একটি বাসে।

দুপুরে বাংলামোটরে একটি বাস পুড়িয়ে দেয়া হয় বলেও জানিয়েছে পুলিশ।

বিকালে মিরপুরের কালশী এলাকা থেকে লাঠিসোটা নিয়ে মিছিল করে এসে পূরবী সিনেমা হলের সামনে কয়েকটি গাড়ি ভাংচুরের পর একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। এ সময় স্থানীয়দের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হলে এক পর্যায়ে ১০ জামায়াত কর্মীকে ধরে বেদম পিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা ও ‘হরতালবিরোধীরা’। পরে পুলিশ আহত ওই ১০ জনসহ জামায়াত-শিবিরের ১১ জনকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও টঙ্গীতেও পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের খবর দিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

সকাল থেকেই শিবিরকর্মীরা বন্দরনগরী চট্টগ্রামের চাক্তাই নতুন ব্রিজ, চকবাজার, নাসিরাবাদ হাউজিং, মাঝিরঘাট, বন্দর এলাকায় মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। কয়েকটি সিএনজিতে ভাংচুর চালানোর সময় পাঁচ শিবিরকর্মীকে পুলিশ আটক করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় সকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন অন্তত পাঁচ জন।

সকাল সিলেটের দক্ষিণ সুরমায় লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে প্রায় ১৫টি গাড়ি ভাংচুর করে জামাত-শিবিরকর্মীরা। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলেও তারা আগুন দেয়। এছাড়া রেল স্টেশন, হুমায়ুন রশিদ স্কয়ার ও চন্ডিপুল এলাকাতেও জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আটক করা হয় চারজনকে।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের একটি ভ্যানে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা। সকাল ৭টার দিকে শহরের পীরবাড়িতে বাইপাস সড়কে অতর্কিতে হামলা চালিয়ে পুলিশের থেমে থাকা একটি ভ্যানে তারা আগুন দেয় বলে জানান সদর সার্কেলের এএসপি রাকিব খান।

এছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গীসহ দেশের বিভিন্ন স্থানে খণ্ড মিছিল থেকে গাড়ি ভাংচুর এবং হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এই হরতালের কারণ হিসাবে জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, সারাদেশে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সরকারের ‘দুঃশাসন’, ‘সীমাহীন দুর্নীতি’ ও ‘ইসলামী মূল্যবোধের ওপর আঘাত’ প্রতিরোধের কথা বললেও তাদের প্রধান দাবি যুদ্ধাপরাধের মামলায় আটক শীর্ষ নেতাদের মুক্তি।

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানসহ আট নেতার বিচার চলছে।

বিএনপির পাশাপাশি ইসলামী ঐক্যজোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ ১৮ দলীয় জোটের শরিক দলগুলোও এই হরতালে সমর্থন জানায়। যদিও বিএনপি বলেছে, তাদের সমর্থনের উদ্দেশ্য যুদ্ধাপারাধীদের বাঁচানো নয়।