জামায়াত নেতা পরওয়ার ফের রিমান্ডে
মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারকে জিজ্ঞাসাবাদে আরো পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারকে জিজ্ঞাসাবাদে আরো পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বৃহস্পতিবার এ আদেশ দেন।
এদিন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এ মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক মোকাররম হোসেন সাত দিনের দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগেও পরওয়ারকে রিমান্ডে নিয়ে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ৫ নভেম্বর মতিঝিলের দৈনিক বাংলার মোড়, শাপলা চত্বরের সামনে ও ফকিরাপুল মোড়ে জামায়াতে-ছাত্রশিবিরের কর্মীরা পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এতে ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চারশ’র বেশি ব্যক্তিকে আসামি করা হয়।
