সভামঞ্চে খালেদা
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) ১৮ দলীয় জোটের জনসভা মঞ্চে পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) ১৮ দলীয় জোটের জনসভা মঞ্চে পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার বিকাল ৩ টা ২০ মিনিটে তিনি সভাস্থলে পৌঁছালে করতালি নিয়ে তাকে বরণ করে নেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। মঞ্চে উঠে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন খালেদা।
বিএনপির মহানগর সভাপতি ও সাংসদ মজিবুর রহমান সারওয়ারের সভাপতিত্বে দুপুর ২টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়।
১৮ দলীয় জোটের শীর্ষ নেতারাও বিরোধী দলীয় নেতার সঙ্গে মঞ্চে রয়েছেন।
এদিকে জনসভা উপলক্ষে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশ করতে থাকে। বিকাল সাড়ে ৩টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান।
পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালীসহ বরিশালের বিভিন্ন থানা থেকেও লঞ্চ,বাস ও ট্রাকে চড়ে নেতা-কর্মীরা এই জনসভায় যোগ দিতে এসেছেন।
আগাই বছর পর বরিশালে খালেদা জিয়ার জনসভা উপলক্ষে পুরো শহর সাজানো হয়েছে তোরণ, ডিজিটাল ব্যানার আর ফেস্টুনে। লোক সমাগমের কারণে দুপুরের দিকেই উদ্যানের আশেপাশের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সর্বশেষ ২০১০ সালের ১২ মে এই মাঠে বিএনপির এক মহাসমাবেশে বক্তব্য দেন খালেদা জিয়া।
সোমবারের জনসভায় অংশ নিতে রোববার রাতে বরিশালে পৌঁছান বিরোধী দলীয় নেতা। রাত কাটান বরিশাল সার্কিট হাউজে।
এদিকে ১৮ দলের জনসভা উপলক্ষে বঙ্গবন্ধু উদ্যানের চারপাশে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে র্যাব-পুলিশ মোতায়েন রয়েছে।
জনসভার কার্যক্রমে সুশৃঙ্খলভঅবে চালিয়ে নিতে আলাদাভাবে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে জেলা বিএনপি।
জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যন আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক লীগের সভাপতি খন্দকার গোলাম মুর্তজা, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপ সভাপতি জেবেল রহমান গাণি, পিপলস পার্টির গরীবে নেওয়াজ এই সমাবেশে অংশ নিচ্ছেন।
