‘সংসদে ফেরার কথা ভাবছে বিএনপি’
আন্দোলনের ‘কৌশল’ হিসেবে সংসদে ফেরার ইংগিত দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
আন্দোলনের ‘কৌশল’ হিসেবে সংসদে ফেরার ইংগিত দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার সংসদকে অকার্যকর করে রেখেছে। আমরা আন্দোলনের কৌশলের অংশ হিসেবে সংসদে ফিরে যাওয়ার বিষয়টি সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছি। দলীয় পর্যায়ে আলাপ-আলোচনাও হচ্ছে।”
“আমরা সংসদে ফিরে যেতে চাই। তবে সরকারকে ফিরে যাওয়া পরিবেশ তৈরি করতে হবে”, বলেন তিনি।
বিরোধী দলের অনুপস্থিতিতেই গত বুধবার নবম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। টানা ৮৩ দিন অনুপস্থিতির পর সর্বশেষ গত ১৮ মার্চ সংসদ অধিবেশনে যোগ দেয় বিএনপিসহ বিরোধী দল। এর আগে তারা অধিবেশনে গিয়েছিল গত বছরের ২৪ মার্চ।
বিএনপি এতোদিন বলে আসছিল- সরকার সংসদে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিল না তুললে তারা অধিবেশনে ফিরবে না।
জাতীয় প্রেস ক্লাবে ‘সাংস্কৃতিক গণতান্ত্রিক জোট’ আয়োজিক ‘নির্দলীয় সরকার পুনর্বহালই সংকট উত্তোরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে ‘ঘটনা ঘটিয়ে’ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
“আমরা তাদের বলতে চাই- এতে লাভ হবে না। আবার যদি ১/১১ সৃষ্টি করা হয়, এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ। তারাই রাজনৈতিকভাবে হারিয়ে যাবে।”
সরকার যেভাবে বিরোধী দলের আন্দোলন ‘দমন করছে’, তাতে দেশে গণতন্ত্র থাকবে কিনা- তা নিয়েই জনমনে ‘দুশ্চিন্তা’ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মওদুদ।
তিনি বলেন, “যতদিন পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা না হবে- ততোদিন বিএনপিসহ ১৮ দলীয় জোট রাজপথ থেকে সরে যাবে না। নির্দলীয় সরকারের দাবি না মানলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাদের পতন ঘটানো হবে।”
মওদুদ জানান, ১৮ দলীয় জোটের নেতা খালেদা জিয়া ২৮ নভেম্বর ঢাকার জনসভা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
“আগামী তিন মাসের মধ্যে সরকারকে দাবি মানতে বাধ্য করতে আমরা সর্বশক্তি নিয়ে কর্মসূচি দেব। এই কর্মসূচি পর্যায়ক্রমে কঠিন থেকে কঠিন হবে।”
‘সাংস্কৃতিক গণতান্ত্রিক জোট’ সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, জাসাস সাধারণ সম্পাদক মনির খান আলোচনা সভায় বক্তব্য রাখেন।
