২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারের পৃষ্ঠপোষকতায় হলমার্ক দুর্নীতি করেছে’

সরকারের ‘পৃষ্ঠপোষকতায়’ হলমার্ক গ্রুপ দুর্নীতি করেছে বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ‘পৃষ্ঠপোষকতায়’ হলমার্ক গ্রুপ দুর্নীতি করেছে বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, হলমার্কের কর্ণধারের সঙ্গে সরকারের ঘনিষ্ঠজনদের সখ্যতা রয়েছে। হলমার্ক সোনালী ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। “উল্টো প্রধানমন্ত্রী বললেন, হলমার্কের মালিক নাকি হাওয়া ভবনের ঘনিষ্ট ছিলেন। তাই যদি হয়, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। “আমরা শুনেছি, আপনাদের সঙ্গে হলমার্কের মারিকের ঘনিষ্ট সস্পর্ক রয়েছে।’’ রাজধানীর হোটেল পূর্বাণীতে এমবিএ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘হলমার্ক কেলেঙ্কারীসহ ব্যাংকিং খাতে চলমান দুর্নীতি ও অব্যবস্থাপনা’ শীর্ষক এই গোল টেবিল আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে দেশের ব্যাংকিখাতসহ গোটা অর্থনীতিকে ধ্বংস করে দেশকে ‘অকার্যকর রাষ্ট্রে’ পরিণত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সাইফুর রহমানের নেতৃত্বে দেশের সামষ্টিক অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিল। সেজন্য হাঁস-মুরগী, দুগ্ধ উৎপাদন, বস্ত্র ও পোশাক শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছিলো। “আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, দেশের অর্থনীতিকে রসাতলে নিয়ে গেছে। অথচ তারাই সুশাসন, দিনবদল ও ডিজিটাল বাংলাদেশের কথা বলে।’’ এই বিএনপি নেতা এও দাবি করেন যে, স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশের বৃহৎ শিল্প-কারাখানা জাতীয়করণ করে ‘লুটপাটতন্ত্র’ কায়েম করেছিলো। সেই থেকে দেশের অর্থনীতির দুরবস্থা শুরু হয়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, “এজন্য মজলুম জননেতা মাওলানা ভাসানী বলেছিলেন, আওয়ামী লীগের নাম পাল্টে নিখিল বাংলা লুটপাট সমিতি রাখা উচিৎ।’’ জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিলো। এ ধরনের কথা বললে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়া যাবে না। তারা দেশকে পরনির্ভরশীল করতে চায় বলে এভাবে বক্তব্য দিচ্ছেন। সংগঠনের সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে সাবেক সচিব ও আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক এ এম নাসির উদ্দিন, নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামসুল হক, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাহবুবউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুহুল কবীর রিজভী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ এমবিএ অ্যাসোসিয়েশনের প্রবীণ ও নবীন সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব শাকিল ওয়াহেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৯ ঘ.