ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১/১১ এর মতো বর্তমান সরকারও ‘বিরাজনীতিকীকরণের’ চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
দলের এই ভারপ্রাপ্ত মহাসচিব এও দাবি করেন যে, জনসমর্থনে ভীত হয়ে বিরোধী দল সম্পর্কে জনগণের মধ্যে ভুলধারণা সৃষ্টি করতে সরকার মিথ্যা মামলা দেয়ার অপকৌশল নিয়েছে।
তারা ওইসব মামলা দ্রুত নিষ্পত্তির অপচেষ্টাও চালাচ্ছে। উদ্দেশ্য- বিরোধী দলের নেতাদের সাজা দিয়ে নির্বাচন থেকে বাইরে রাখা।
“১/১১ এর বিরাজনীতিকীকরণের সময় যেভাবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চক্রান্ত চলেছিলো, বর্তমান সরকারও বিরোধী দলের বিরুদ্ধে সেরকম চক্রান্তই করছে।’’
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কথিত মিথ্যা মামলা দায়েরের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আদালতের স্বাভাবিক নিয়ম কানুনের বাইরে সরকার ওইসব মিথ্যা মামলা দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে চাচ্ছে। আরাফাত রহমান কোকোর বিরুদ্ধেও মিথ্যা মামলা আদালতে দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলাচ্ছে তারা।
তিনি খালেদা জিয়াসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারেরও দাবি জানান।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন,“বিরোধী দলের জনপ্রিয়তয় চিন্তিত হয়ে ক্ষমতাসীনরা সুকৌশলে ও সুচতুরভাবে সংবাদ মাধ্যমে দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে।
“দৈনিক যুগান্তরে মির্জা আব্বাসকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি কল্পকাহিনী, ভিত্তিহীন ও সত্যের অপলাপ মাত্র। আমরা এর প্রতিবাদ জানাচিছ।’’
একইসঙ্গে রাজবাড়ীতে পুলিশি হেফাজতে একজন বিধবা মা ও তার মেয়ের ওপর নির্যাতনের ঘটনার নিন্দা ও দোষী পুলিশ কর্মচারিদের শাস্তি দাবি করেন ফখরুল।
এর আগে সকালে নয়া পল্টনের কার্যালয়ে প্রয়াত উপদেষ্টা সাঈদ এস্কান্দার ও আতাউস সামাদের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতৃবৃন্দ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০০ ঘ.
bdnews24