গাজীপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
সংসদ সদস্য নির্বাচনের জন্য রোববার ভোট দেবেন ওই এলাকার ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন ভোটার। তবে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না।
তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে শূন্য এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন তারই বড় বোন সিমিন হোসেন রিমি।
রিমির প্রতিদ্বন্দ্বী হিসেবে মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারই চাচা এবং সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমদ খান। এছাড়া কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল।
ভোটগ্রহণের আগের দিন শনিবার দুপুরে উপজেলা সার্ভার স্টেশন থেকে পুলিশ পাহারায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও সিলসহ অন্যান্য সরঞ্জাম দেয়া হয়।
১০২টি ভোটকেন্দ্রের প্রতিটিতে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছে।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১টি ইউনিয়নের ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। শনিবার পুলিশ পাহারায় ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পাঠানো হয়েছে।
এসব প্রস্তুতি সম্পন্নের আগে সকাল ১১টার দিকে কাপাসিয়া পাইলট হাইস্কুল মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংবাদ সম্মেলন করে।
এতে জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজার ৪৮২ জন সদস্য কাজ করবেন।
“নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আশা করছি, কোনো ধরনের সংহিসতা, অরাজকতা ও ভয়ভীতি ছাড়া সুন্দর , সুষ্ঠ একটি নির্বাচন হবে।”
র্যাব-১ উপঅধিনায়ক মো. কাওসার মাহমুদ জানান, এ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চারশ’র মতো র্যাব সদস্য মোতায়েন রয়েছে। তারা ৪০টি দলে ভাগ হয়ে কাজ করবেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সংবাদ সম্মেলনের পর প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও সিলসহ অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করা হয়।
উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী মালপত্র নিয়ে দুপুর থেকেই কেন্দ্রে যেতে শুরু করেন।
ঝুঁকিপূর্ণ ৬৪টি কেন্দ্রের মধ্যে ৪৩টিতে ওয়েব ক্যামেরার মাধ্যমে ধারণ করা চিত্র কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। এছাড়া প্রতি ঘণ্টায় ভোটগ্রহণের পরিসংখ্যান নেবে নির্বাচন কমিশন।
রোববার সকাল ৮টা থেকে উপজেলার ১০২টি কেন্দ্রে এক যোগে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রেই গণনা শুরু হবে। পরে কাপাসিয়া উপজেলা সভাকক্ষ গাজীপুর জেলা প্রশাসকের ‘ভাওয়াল মিলনায়তন’ কক্ষে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হবে।
তিন প্রার্থী নির্বাচনী এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্রে নিজেদের প্রস্তুতির তথ্য খবরাখবর নিচ্ছেন। ভোট কেন্দ্রগুলোতে এজেন্টদের নাম ও তালিকায় অনুমোদনের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন তারা।
উপ-নির্বাচনে ১০২ কেন্দ্রের ৪৭২টি ভোট কক্ষে ১০২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৪৭২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ৯৪৪ জন পোলিং কর্মকর্তাসহ ১ হাজার ৫১৮ জন ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন।
কাপাসিয়ায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন। যাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৯৫ জন ও নারী ভোটার ১ লাখ ১১ হাজার ৪৮৯ জন।
প্রতিকেন্দ্রে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ জন সদস্য মোতায়েন থাকবে।
১১টি ইউনিয়নে একজন করে হাকিমসহ পুলিশের ১১টি টহলদল, প্রতি ইউনিয়নে একজন হাকিমসহ ১১টি মোবাইল কোর্ট, একজন হাকিমসহ বিজিবি’র ৪টি মোবাইল কোর্ট, ৪জন হাকিমসহ স্টাইকিং ফোর্স এবং দুইজন রিজার্ভ হাকিমসহ ৩২জন হাকিম দায়িত্ব পালন করবেন।
শনিবার থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করে দায়িত্ব পালন করবেন এ কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৭২২ ঘ.
bdnews24