রাজি হয়ে বসে আছেন ব্যারিস্টার রফিক
নির্বাচনকালীন সরকারের প্রধান হতে প্রস্তাব এলে তা গ্রহণে আপত্তি নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার রফিক-উল হক।
দেশের জনগণের স্বার্থে দুই নেত্রীকে একসঙ্গে বসানোর ‘উদ্যোগ’ নেবেন বলেও জানিয়েছেন দুই প্রধান রাজনৈতিক দলের প্রধানের এই আইনজীবী।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তচিন্তা ফোরাম আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নেন রফিক-উল হক। এতে বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
সংগঠনটির সমন্বয়ক আমিরুল মোমেনিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে তিনবার উনাকে অনুষ্ঠানে আনা হয়েছে। এবার উনি নিজে বলেছেন, উনার আগ্রহেই আমরা এটা (এই অনুষ্ঠান) করেছি।”
অবশ্য আয়োজকদের এমন দাবি অস্বীকার করেন নাগরিক আন্দোলন নামে নাগরিক সমাজের একটি সংগঠনের আহবায়ক ব্যারিস্টার রফিক।
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থান যেন সংঘাতের দিকে না যায়, সে জন্য সংলাপের গুরুত্ব তুলে ধরেন রফিক-উল হক।
তিনি বলেন, “কথা বলে দেখি। দুই নেত্রী দেশকে ভালবাসে না, গণতন্ত্রে বিশ্বাস করে না- এটা আমি বিশ্বাস করি না। একজনের সঙ্গে আজ দেখা হওয়ার কথা। আরেকজনের সঙ্গে কথা বলা যেতে পারে।”
আপনি উদ্যোগ নিচ্ছেন কি না- প্রশ্নের জবাবে ব্যারিস্টার রফিক বলেন, “উদ্যোগের উদ্যোগ নিয়েছি বলতে পারেন। বাংলাদেশের জনগণের স্বার্থে এই কাজটুকু করতে আমি আপ্রাণ চেষ্টা করব।”
আপনাকে যদি নির্বাচনকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয়, তাহলে আপনি কি করবেন- এই প্রশ্ন করা হলে এরশাদ আমলের এই অ্যাটর্নি জেনারেল বলেন, “এমন বিব্রতকর প্রশ্ন আমাকে করবেন না।
“তবে সিদ্ধান্ত যেহেতু জানতে চাচ্ছেন, তবে বলছি- যদি সেই রকম অকেশন আসে, দেশের জন্য দুই পার্টির জন্য আমি সব ধরনের রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন হবে।
তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বিএনপি; যদিও প্রধানমন্ত্রী নির্বাচনকালে সরকারে বিরোধী দলকেও নেয়া যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে চলমান বিতর্কের বিষয়ে ব্যারিস্টার রফিক বলেন, “বিএনপি এখনো তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেয়নি। তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, কিন্তু কাদেরকে নিয়ে হবে কীভাবে হবে, তা বলেনি।”
সরকারের অবস্থানের বিষয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী অনেকটা নেমে এসে অন্তর্র্বতীকালীন সরকারের কথা বলছেন। অন্তর্র্বতীকালীন সরকার মানে অন্যদেরও সঙ্গে নেবেন।
“জাতীয় পার্টিসহ সবাইকে নিয়ে অন্তর্র্বতীকালীন সরকার যদি করে, তখন আসল প্রশ্ন হল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে? এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।”
সঙ্কট নিরসনে দুই নেত্রীকে একসঙ্গে বসার বিষয়ে গণমাধ্যমের ভূমিকাও প্রত্যাশা করছেন ব্যারিস্টার রফিক।
তিনি বলেন, “দুই নেত্রীকে কোনো জায়গায় ডেকে অনুরোধ করেন। বঙ্গবন্ধু কনভেনশন হলেও হতে পারে। দুই নেত্রীই দেশকে ভালবাসেন। আমি আহ্বান করব, তারা দুজন বসে আথবা তাদের দলের যে দ্বিতীয় ব্যক্তি আছেন, তারা জনগণের মতামত নিয়ে একটি সিদ্ধান্ত নেবেন।”
এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের পক্ষে মামলায় লড়ার জন্য কিছু দিন আগে সাংবাদিকদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল রফিক-উল হককে।
এই বিষয়ে তিনি বলেন, “আমি এটিএন বাংলার মামলায় কোনোভাবেই সম্পৃক্ত নই। সিভিল, ক্রিমিনাল বা যে কোনো মামলার সঙ্গে আইনজীবী হিসাবে আমার ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি অ্যান্ড রিমোটলি কোনো সম্পৃক্ততা নেই।”
অনুষ্ঠানের আয়োজক মুক্তচিন্তা ফোরামের সমন্বয়ক আমিরুল মোমেনিন মানিক যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর নেতা মীর কাশেম আলীর মালিকাধীন দিগন্ত টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালে মানবাধিকার সংগঠন হিসেবে মুক্তচিন্তা ফোরাম আত্মপ্রকাশ করে। ফোরামের উপদেষ্টা কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকী।
তিনি বলেন, “আমরা কিছু সাংবাদিক মিলে এ সংগঠন করি। কয়েকজন আইনজীবীও রয়েছে।”
সংগঠনের পেছনে কোনো রাজনৈতিক দলের সমর্থন নেই দাবি করে মানিক বলেন, “আমাদের পেছনে কেউ নেই। আমরা শুধু জার্নালিজম করি।”
নিজেদের সংগঠনের স্বচ্ছতা তুলে ধরতে তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠানে তেমন কোনো অর্থের প্রয়োজন হয় না। মাত্র ৯ হাজার টাকা দিয়ে ডিআরইউ’র হল রুম ভাড়া আর সাতশ’ টাকা খরচ করে প্রেস রিলিজ করা।
আত্মপ্রকাশের পর থেকে ব্যারিস্টার রফিক-উল হককে কয়েকবার অনুষ্ঠানে এনেই আলোচনায় আসে সংগঠনটি।
এবছরই ব্যারিস্টার রফিক-উল হককে নিয়ে তিনবার মিট দ্য প্রেস করে মুক্তচিন্তা ফোরাম। গত ১২ মে ও ৯ জুন। একটি অনুষ্ঠানে বিএনপিকে যুদ্ধাপরাধের বিচার সমর্থন করতে আহ্বান জানান তিনি। অন্যটিতে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ‘বেকুব’ বলে মন্তব্য করেন।
শনিবারের এ অনুষ্ঠানটি ব্যারিস্টার রফিক-উল হকের আগ্রহে হয়েছে এমন দাবি করে মানিক বলেন, “এটিএন বাংলার মাহফুজুর রহমানকে নিয়ে এক বক্তব্য দিয়ে সাংবাদিকদের সমালোচনার মুখে পড়েন তিনি। অথচ এমন কথা বলেননি বলে জানান ব্যারিস্টার রফিক। এ বিষয়ে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেছিলেন- তাহলে সব মিডিয়াকে বলতে পারেন তিনি (ব্যারিস্টার রফিক)। এরপর উনার আগ্রহেই আমরা অনুষ্ঠান করেছি।
এটিএন বাংলার বিষয়ে কথা বলতে এ জ্যেষ্ঠ আইনজীবীর আগ্রহ না থাকলে অন্য কোনো বিষয়ে কয়েকমাস পরে অনুষ্ঠান করা হতো বলে জানান তিনি।
“উনি আগ্রহ প্রকাশ করেছেন। তা না হলে আরো কয়েকমাস পরে এ অনুষ্ঠান হতো।”
মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আয়োজকদের পক্ষ থেকে ব্যারিস্টার রফিক-উল হকের হাতে ছয়টি প্রশ্ন সম্বলিত একটি কাগজ ছিল। তাতে এটিএন বাংলা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এক জন বিচারপতি প্রসঙ্গ (শামসুদ্দিন চৌধুরী মানিক), আগাম নির্বাচন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিএনপির অবস্থান, এ মেয়াদের যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে কিনা- প্রভৃতি সাজানো ছিল।
নিজের আগ্রহে অনুষ্ঠানে অংশগ্রহণের কথা অস্বীকার করে ব্যারিস্টার রফিক জানান, মানিক (সংগঠনের সমন্বয়ক) আগে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে এটিএন বাংলা নিয়ে কথা বলার আগ্রহ ছিল।
রাত ৮টা ২০ মিনিটে এই জ্যেষ্ঠ আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “মানিক মিট দ্য প্রেসের জন্য আগে বলেছে। আমি ইন্টারেস্টেড ছিলাম এটিএন নিয়ে কথা বলতে। অবশ্য আগেই কাদের সিদ্দিকী এটা (এটিএন ইস্যু) ক্লিয়ার করেছিল দিগন্ত টিভিতে।
“নিজের আগ্রহে নয়। আগে আমাকে ছেলেটা বলেছে; মনে করেছি অনেকে আসবে। গিয়ে দেখি আমি একা।”
