ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন।
এজন্য রিমিকে সতর্ক করতে বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সচিবালয়ের আইন শাখার সহকারী সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দিন আহমদ খান তার ভাতিজি রিমির বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ করে আসছিলেন।
রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদকে পাঠানো চিঠিতে বলা হয়, রিমির কর্মীরা স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের পোস্টার লাগাতে বাধা দিয়েছে ও ছিড়ে ফেলেছে। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।”
এ নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই রিমিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরপরও এ ধরনের আচরণবিধি লঙ্ঘন হলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর রিমির বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন আফসার। অভিযোগ তদন্তের জন্য রিটার্নিং কর্মকর্তা তা ইলেকটরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠায়। গত ২২ ও ২৪ সেপ্টেম্বর সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পায় কমিটি।
রিমির ভাই তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের ফলে শূন্য গাজীপুর-৪ আসনে আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০৫৫ ঘ.
bdnews24