পাবনা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালে হাজির করতে জামায়াতের নায়েবে আমীর আব্দুস সুবহানকে বুধবার পাবনা কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এর সত্যতা নিশ্চিত করেন।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে হাজির করতে নির্দেশে দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ সেপ্টেম্বর) একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির করার এ নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি নিজামুল হক।
গত ২০ সেপ্টেম্বর সকালে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে জামায়াতের সাবেক এই সংসদ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। ওইদিনই ২০০৩ সালের লুটপাটের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুবহানকে পাবনায় নিয়ে যাওয়া হয়।
এদিকে গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগযোগ করতে পারছে না বলে অভিযোগ করেন সুবহানের ছেলে নেসার আহমেদ নান্নু।
তিনি সাংবাদিকদের বলেন, ৮৪ বছর বয়স্ক সুবহান দীর্ঘদিন ধরে ডায়বেটিক, পেটের পীড়াসহ বিভিন্ন রোগে ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২০ ঘ.
bdnews24