নেত্রকোনা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-১ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সাংসদ জালাল উদ্দিন তালুকদারকে বুধবার দুর্গাপুরে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার নিজের পিস্তলের গুলিতে জালাল উদ্দিন মারা যান, যেটিকে ‘রহস্যজনক’ বলছে তার দল। তার ছেলে রয়েলের অভিযোগ, তার সৎমা আয়েশা এই ‘হত্যাকাণ্ড’ ঘটিয়েছেন।
মঙ্গলবার রাত ১১টায় জালালের স্ত্রী আয়েশা বেগমসহ তিন গৃহকর্মী সোমা, কুলসুম ও হাসুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের থানায় রাখা হয়েছে বলে জানান দুর্গাপুর থানার ওসি মো. আলমগীর হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে এখনো বলার মতো তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এই সাংসদের মৃত্যুর পর থেকেই সীমান্তবর্তী এই উপজেলা শহরের পরিস্থিতি ছিল অনেকটাই থমথমে। মঙ্গলবার সন্ধ্যার পরই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। বুধবারও শহরের দোকানপাট ছিল বন্ধ।
বুধবার সকাল থেকেই হাজার হাজার দলীয় নেতাকর্মী ও অনুসারী জানাজায় অংশ নিতে মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের বাসভবন ও সুসং ডিগ্রি কলেজ মাঠে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে মাঠ উপচে শোকার্ত মানুষের ঢল পৌর শহরের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে। সকাল পৌনে ১০টায় তার লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্গাপুরের বাসায় পৌঁছলে দলীয় নেতা-কর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
দুপুর আড়াইটার দিকে সাবেক এই সাংসদের লাশ কলেজ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৩টায় জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে, পরে সেখানে জানাজা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, স্থানীয় সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী, দলের ময়মনসিংহ জেলা সভাপতি সাংসদ মতিউর রহমান, নেত্রকোনা জেলা ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, জেলা প্রশাসক আনিস মাহমদু, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান।
বিকাল ৪টায় সাবেক এই সাংসদকে দুর্গাপুর পৌর শহরের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এদিকে বিকাল ৪টার দিকে জালাল তালুকদারের অনুসারীরা সুসং ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জালাল তালুকদারের বাসভবনে গিয়ে শেষ হয়।
মিছিলকারীরা জালাল তালুকদারকে গুলি করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
১৯৬৭ সালে ছাত্রলীগের মাধ্যমে জালাল তালুকদারের রাজনৈতিক জীবনের শুরু। ১৯৭৯ সালে প্রথম আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রাতেই তিনি দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় দুটি পা হারান। পরে জার্মানিতে তার কৃত্রিম পা সংযোজন করা হয়।
জালাল তালুকদার ১৯৮৬ ও ১৯৯৬ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24