২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ এস্কান্দারের মৃত্যুতে বিএনপির শোক পালন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দারের মৃত্যুতে শোক পালন করছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দারের মৃত্যুতে শোক পালন করছে দলটি। মঙ্গলবার ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে প্রয়াত সাইদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সারা দেশে দল ও অঙ্গ সংগঠনের কার্যালয়েও কালো পতাকা উত্তোলন করা হয়। শোক পালনের জন্য বিএনপি নেতা-কর্মীরা এদিন কালো ব্যাজ ধারণ করেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সাঈদ রোববার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। তিনি ফেনী জেলা বিএনপির সভাপতিও ছিলেন। সোমবার নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার এই সাবেক সাংসদের প্রথম জানাজা হয়। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ ঢাকা পৌঁছানোর পর সাঈদের কফিন প্রথমে ফেনীর ছাগলনাইয়া নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এরপর বাদ আসর নয়া পল্টনের কার্যালয়ের সামনে জানাজা হবে। মাগরিবের নামাজের পর সর্বশেষ জানাজা হবে গুলশানের আজাদ মসজিদে। এরপর সাবেক এই সামরিক কর্মকর্তার মরদেহ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে প্রয়াতের স্মরণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে কোরআনখানি ও দোয়া মাহফিল হয়। জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে এই দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। পরে সাঈদ এস্কান্দারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৬৩০ঘ.