ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা নিয়ে খালেদা জিয়ার হুমকির জবাবে আওয়ামী লীগ বলেছে, কোনো ধরনের অসাংবিধানিক দাবির কাছে তারা মাথা নত করবে না।
দিনাজপুরে জনসভায় বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে সোমবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, “হুমকি-ধমকির দিন মনে হয় অনেক আগে শেষ হয়ে গেছে।
“কোনো অসাংবিধানিক ও অন্যায্য দাবি আওয়ামী লীগের কাছ থেকে আদায় করা যাবে না।”
খালেদা জিয়া রোববার জনসভায় নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি তুলে বলেছিলেন, “তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করব, সরকার পালানোর পথ পাবে না।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের কারণে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।
নির্বাচনকালে সরকার অর্ন্তর্বতী সরকারের দায়িত্ব পালন করবে বলে সরকারি দলের নেতারা বলে আসছেন।
নির্বাচনকালে মন্ত্রিসভায় বিরোধী দলকে স্থান দেয়ার কথাও ইতোপূর্বে বলেছেন প্রধানমন্ত্রী, যা প্রত্যাখ্যান করেন বিরোধীদলীয় নেতা।
হানিফ তার লিখিত বক্তব্যে বলেন, “যে কোনো ধরনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার মতো গণতান্ত্রিক পরিবেশ দেশে ফিরে এসেছে বিধায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো প্রয়োজন নেই।
“বিরোধী দলকে আস্থায় আনার জন্য প্রধানমন্ত্রী অন্তর্বতীকালীন সরকারের কথা বলেছেন। এ নিয়ে আলোচনার দ্বার খোলা রয়েছে।”
অর্ন্তর্বতীকালীন সরকার নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে উত্থাপন করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সরকারি দলের এই নেতা।
আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে হানিফ বলেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন হবে।
“আওয়ামী লীগ তো কখনো আগাম নির্বাচনের কথা বলেনি। সাংবিধানিকভাবেই নির্বাচন হবে। নির্ধারিত সময়ের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না।”
বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, “পদ্মা সেতু নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরও বিশ্ব ব্যাংক ফিরে আসায় উনি (খালেদা জিয়া) দুঃখ পেয়েছেন। উনি ভাবতে পারেননি যে, বিশ্ব ব্যাংক ফিরে আসবে।
“ওনার ভাষা শুনে ও আচরণ দেখে আমাদের কষ্ট হয়েছে। ওনার জন্য আমাদের করুণা হয়েছে। তার চেহারায় কষ্ট ও হতাশার ছাপ আমরা দেখেছি। হতাশ হয়েই তিনি কটূক্তি ও আশালীন বক্তব রেখেছেন।”
প্রশাসনের কর্মকর্তাদের হুঁশিয়ার করে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে হানিফ বলেন, “এর আগে তারা যখন ক্ষমতায় ছিলেন, তাদের মন্ত্রীরা সবিচালয়ে কর্মচারীদের পিটিয়েছিলেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেগম জিয়ার ‘দেখে নেয়ার’ আস্ফালন কোনোদিনই আলোর মুখ দেখবে না।”
সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ বিরোধী নেতা করেছেন, তার প্রত্যাখ্যান করে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার কোনো ধরনের দুর্নীতির অভিযোগ ধামাচাপা দেয় না। যখনি কোনো অভিযোগ উত্থাপিত হয়, তখনি তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে।”
“আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে এবং সরকারের কর্ম প্রক্রিয়া সঠিক পথে আছে বলেই বিশ্ব ব্যাংকের ইতিহাসে এই প্রথম কোনো ঋণচুক্তি বাতিল করার পরও তারা পুনর্বহাল করেছে,” বলেন হানিফ।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে হানিফের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24