২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপির ২ পক্ষে সংঘর্ষে নিহত ১

পাবনায় সোমবার দুপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০ জন, যাদের ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় সোমবার দুপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০ জন, যাদের ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ জানান, জেলা বিএনপি, জেলা ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের কমিটি নিয়ে জেলা বিএনপির সভাপতি কেএস মাহমুদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতার অংশের এবং পৌর মেয়র কামরুল হাসান মিন্টু অংশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও কোন্দল চলছিল। এরই জের ধরে মিন্টু সমর্থকেরা বিএনপি রক্ষা কমিটির ব্যানারে এবং মাহমুদ-তোতা অংশের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করে। বেলা ১টার দিকে শহরের আব্দুল হামিদ রোডে মিছিল দুটি মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে মিলন (৩০) নামে এক বিএনপি কর্মী নিহত এবং ৩০ জন আহত হয়। মিলনকে পাবনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি লাঠির আঘাতে মারা গেছেন বলে প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন। বিএনপি রক্ষা কমিটির নেতা কামরুল হাসান মিন্টু নিহত মিলনকে নিজেদের পক্ষের কর্মী বলে দাবি করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিএনপি রক্ষা কমিটির নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৪৪২ ঘ.