২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে লোকমান সমর্থকদের হরতাল প্রত্যাহার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজি উদ্দিন রাজুর নরসিংদী সফর প্রতিহত করতে ডাকা হরতাল প্রত্যাহার করেছে লোকমান সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

নরসিংদী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজি উদ্দিন রাজুর নরসিংদী সফর প্রতিহত করতে ডাকা হরতাল প্রত্যাহার করেছে লোকমান সংগ্রাম পরিষদ। রোববার রাতে লোকমান সংগ্রাম পরিষদের আহ্বায়ক পীরজাদা মোহাম্মদ আলী বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবে সোমবারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।” তবে লোকমান সমর্থকদের ডাকা হরতালের প্রথম দিন রোববার কড়া নিরাপত্তার মধ্যে নরসিংদী সফর করেন শ্রমমন্ত্রী। লোকমান নিহত হওয়ার পর এটাই তার প্রথম নরসিংদী সফর। গত বছর মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালিন পৌর মেয়র লোকমান। তার পরিবারের অভিযোগ, এই হত্যার পরিকল্পনায় স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর পরিবার জড়িত। লোকমান হত্যাকাণ্ডে কামরুজ্জামানের দায়ের করা মামলায় রাজুর ভাইকে আসামি করা হলেও পুলিশ তাকে বাদ দিয়েই অভিযোগপত্র দিয়েছে, যা নিয়ে অসন্তোষ রয়েছে লোকমান পরিবারে। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর মন্ত্রী রাজু নরসিংদী সফরের পরিকল্পনা করলে নতুন করে বিক্ষোভের সূত্রপাত হয়। শ্রমমন্ত্রী রাজুর সফরকে কেন্দ্র করে শুক্রবার পুলিশের সঙ্গে নিহত আওয়ামী লীগ নেতার সমর্থকদের ব্যাপক সংঘর্ষের পর রবি ও সোমবার হরতাল ডাকে লোকমান সংগ্রাম পরিষদ। হরতাল প্রত্যাহারের আগে রোববার সকাল থেকে নরসিংদীতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩০ ঘ.