২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরতালের পেছনে বিএনপির হাত’

“গাড়ি পোড়ানো আলেমদের কাজ নয়। বিএনপি, জামায়াত ও ছাত্রদলের কর্মীরাই অরাজক অবস্থার সৃষ্টি করেছে,”, বলেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ১২ দলীয় জোটের হরতালের পেছনে বিএনপি রয়েছে বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “গাড়ি পোড়ানো আলেমদের কাজ নয়। বিএনপি, জামায়াত ও ছাত্রদলের কর্মীরাই অরাজক অবস্থার সৃষ্টি করেছে। এই হরতালের পেছনে বিএনপি রয়েছে।” প্রেসক্লাবের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আটকদের মধ্যে ছাত্রদলের দুই ডজন নেতাকর্মী রয়েছে বলেও দাবি করেন কামরুল। আইন প্রতিমন্ত্রী বলেন, “সারাদেশে হরতাল দিলেও দিনাজপুর বাদ- এ থেকেই বোঝা যায় এর পেছনে কারা আছে।” যুক্তরাষ্ট্রে ‘ইসলামের জন্য অবমাননাকর’ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দল গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিল। তারা কর্মসূচি দিলে পল্টন ও এর আশপাশ এলাকায় শুক্রবার বিকাল ৫টা থেকে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মুসলিম সংগঠনগুলো মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরপর তাৎক্ষণিকভাবে রোববার সারাদেশে হরতালের ডাক দেন খেলাফত আন্দোলনের মহাসচিব ও ইসলামী ১২টি দলীয় জোটের সদস্য সচিব মাওলানা জাফর উল্লাহ। এ হরতালের প্রতি সমর্থন জানিয়েছে ইসলামী ঐক্যজোটও। তবে বিএনপি চেয়ারপার্সনের সমাবেশের কারণে রংপুর ও দিনাজপুরকে হরতালের আওতামুক্ত রাখা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার বিক্ষোভরত ইসলামী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন কামরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই এ ঘটনার প্রতিবাদ করা উচিত। যারা প্রতিবাদ করেছেন তাদের স্বাগত জানাই। তবে প্রতিবাদের ভাষা অশান্ত, অসহিষ্ণু হবে এটা কোনো অবস্থাতেই কাম্য নয়।” “সরকারের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রী নিজেও মহানবীকে (স.) নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের প্রতিবাদ জানিয়েছেন। এর পরেও যারা অরাজক অবস্থার সৃষ্টি করেছে তাদের চিহ্নিত করতে হবে।” বিএনপি দেশে নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির পাশাপাশি বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন আইন প্রতিমন্ত্রী। প্রেসক্লাবের ওই অনুষ্ঠানে মফিদা আকবরের লেখা ‘বাংলাদেশর রাজনীতি ও শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কামরুল। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৭৩৭ ঘ