ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি ইসলামী দলের সকাল-সন্ধ্যা হরতালের পেছনে ‘রাজনৈতিক ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
রোববার সকালে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া যাওয়ার পথে রাজধানীর ডেমরা থানার সাইনবোর্ড এলাকায় তিনি সাংবাদিকদের বলেন, “এ হরতালের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে।”
“যারা অন্যের মানবাধিকার লঙ্ঘন করে, গণতান্ত্রিক অধিকারকে বাধা দিয়ে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে এ হরতাল ডেকেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সে সূত্র ধরেই পুলিশ সারা দেশে পদক্ষেপ নিয়েছে” যোগ করেন স্বারাষ্ট্রমন্ত্রী।
প্রধান বিরোধী দল বিএনপির দিকে ইংগিত করে মন্ত্রী প্রশ্ন রাখেন, “তা (ইন্ধন) না থাকলে তিন জেলা হরতালের আওতামুক্ত কেন?”
নবীর (স.) ‘অবমাননার’ প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগে শনিবার সকালে এই হরতাল ডাকে ইসলামী দলগুলো। রোববার সকাল থেকে সারা দেশে এই হরতাল শুরু হলেও খালেদা জিয়ার সফর উপলক্ষে দিনাজপুর, রংপুর ও বগুড়াকে এর আওতামুক্ত রাখা হয়েছে।
বিকালে দিনাজপুরে ১১ দলীয় জোটের জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, “ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে।”
“তারা (হরতালকারীরা) নিঃসন্দেহে একটি রাজনৈতিক দলের অনুসারী এবং সে দলের অনুসারী হিসেবে তারা ধর্মকে ব্যবহার করে মানুষের জীবনে ভোগান্তি এনেছে। এর জন্য তাদের অবশ্যই জবাব দিতে হবে” মন্তব্য করেন মন্ত্রী।
হরতাল চলাকালে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০ জনকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/জেকে/১১১৫ ঘ.
bdnews24