২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের পথে খালেদা

বগুড়ায় রাত কাটিয়ে রোববার দিনাজপুরে ১৮দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে জনমত গঠনের লক্ষ্যে সমাবেশ করতে দিনাজপুরের পথে রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সড়ক পথে শনিবার বিকালে ঢাকা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত বগুড়ায় কাটিয়ে রোববার দিনাজপুর যাবেন তিনি। খালেদা জিয়ার গাড়িবহরে কেন্দ্রীয় নেতারা রয়েছেন। গাড়িতে তার সঙ্গে রয়েছেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়া সার্কিট হাউসে রাত কাটিয়ে পরদিন সকাল ১১টায় দিনাজপুরে রওনা হবেন খালেদা জিয়া। রোববার বিকালে দিনাজপুরের গোর-এ- শহীদ (বড় মাঠ) ময়দানে জনসভায় বক্তব্যের পর রাতেই ঢাকায় ফিরবেন খালেদা জিয়া। নিজের পরিবারের বর্তমান আবাস দিনাজপুরে সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছিলেন খালেদা। খালেদার সফরের ঠিক আগে বিএনপি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে, তাদের নেত্রীর যাত্রা পথে বাধার ‘পাঁয়তারা’ করছে সরকারি দলের নেতা-কর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “তার যাত্রাপথে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন স্থানে বাধা সৃষ্টির পাঁয়তারা করছে। টঙ্গি থেকে গাজীপুর পর্যন্ত সড়কে নির্মিত তোরণ ভেঙে ফেলা হয়েছে, ছিড়ে ফেলা হয়েছে ব্যানার-ফেস্টুন।” নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে দিনাজপুরের পর ২৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ৬ অক্টোবর হবিগঞ্জ ও ৯ অক্টোবর বরিশালে জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২২ ঘ.