২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদার দিনাজপুর যাত্রায় বাধার পাঁয়তারা’

দিনাজপুর অভিমুখে খালেদা জিয়ার যাত্রাপথে বিভিন্ন স্থানে ক্ষমতাসীনরা বাধা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 07:08 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর অভিমুখে খালেদা জিয়ার যাত্রাপথে বিভিন্ন স্থানে ক্ষমতাসীনরা বাধা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দিনাজপুরে ১৮ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন। শনিবার বিকালে ঢাকা ছেড়ে বগুড়ায় রাত কাটিয়ে দিনাজপুর যাবেন তিনি। রিজভী বলেন, “তার যাত্রাপথে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন স্থানে বাধা সৃষ্টির পাঁয়তারা করছে। টঙ্গি থেকে গাজীপুর পর্যন্ত সড়কে নির্মিত তোরণ ভেঙে ফেলা হয়েছে, ছিড়ে ফেলা হয়েছে ব্যানার-ফেস্টুন।” “খালেদা জিয়ার যাত্রাপথে এভাবে আওয়ামী লীগের বাধা দেয়ার মানসিকতা প্রমাণ করে তারা গণতন্ত্রের রীতিনীতির তোয়াক্কা করে না,” বলেন তিনি। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে ব্যাপক পুলিশের অবস্থানের সমালোচনাও করেন রিজভী। ইসলামী দলগুলোর কর্মসূচির কারণে পল্টন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভের কর্মসূচি ছিল নয়া পল্টনে। তবে পুলিশের বাধার কারণে কমলাপুর স্টেশনের কাছ থেকে ওই মিছিল শুরু হবে বলে জানান রিজভী। সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আবদুল লতিফ জনি, আবদুস সালাম আজাদ, এম এ মালেক, রফিক শিকদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০৪ ঘ.