২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার নিউইয়র্ক আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর করণীয় বিষয়ে বক্তব্য দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার নিউইয়র্ক আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর করণীয় বিষয়ে বক্তব্য দেবেন তিনি। শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। ‘সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি’- এই প্রতিপাদ্যে চলমান ৬৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ৬৩ সদস্যের একটি প্রতিনিধি দলসহ ২৩ সেপ্টেম্বর ৮ দিনের সফরে নিউইয়র্ক আসছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের চলতি অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন। আব্দুল মোমেন বলেন, “২০১৫ সালে এমডিজির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর বিশ্বকে আমরা কীভাবে দেখতে চাই- তার আলোকে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” প্রধানমন্ত্রী বেশ কটি অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং কয়েকটিতে সম্মানিত অতিথি হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করবেন। মোমেন বলেন, “আইনের শাসন বিষয়ে উচ্চ পর্যায়ের একটি অধিবেশনে স্বাগত বক্তব্য দেবেন শেখ হাসিনা। এ ছাড়া ‘অংশীদারিত্বে সমতার ভিত্তিতে ভবিষ্যত’ বিনির্মাণ বিষয়ে একটি আলোচনায় অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাকে আমন্ত্রণ জানিয়েছেন।” ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ২৫ সেপ্টেম্বর বিকেলে পিস বিল্ডিং সম্পর্কিত উচ্চ পর্যায়ের এক সম্মেলনে শেখ হাসিনার সভাপতিত্ব করার কথা রয়েছে। এ ছাড়া ২৬ সেপ্টেম্বর জলবায়ু ঝুঁকি মোকাবেলা বিষয়ক বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। ওইদিন রাতে নিউইয়র্কে টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারকুইজ হোটেলের বলরুমে তাকে নাগরিক সংবর্ধনা দেবেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে ‘এডুকেশন ফাস্ট’ কর্মসূচিতে বাংলাদেশের শিক্ষা উন্নয়নে সরকারের ভূমিকা সবার কাছে তুলে ধরবেন শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর বিশ্বের ৩১ জন ফার্স্টলেডির অংশগ্রহণে অটিজম সংক্রান্ত এক আলোচনায়ও তার অংশ নেওয়ার কথা রয়েছে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন তার মেয়ে সায়মা হোসেন পুতুল। ওইদিন রাত ৮টার দিকে জাতিসংঘে সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন শেখ হাসিনা। ৩০ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছাড়ার আগে প্রধানমন্ত্রী বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। সফরে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া তার সফরসঙ্গী থাকবেন অন্তত ১০ জন সাংবাদিক। তারা সবাই জাতিসংঘ সদর দফতর সংলগ্ন হোটেল গ্র্যান্ড হায়াতে অবস্থান করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২০১৩ ঘ.