২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগেই ব্যবস্থা নিলে ১০ মাস নষ্ট হতো না’

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের ঘোষণা ‘ইতিবাচক’- এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঋণ দাতা এ সংস্থার অভিযোগ অনুযায়ী আগেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে ১০ মাস সময় নষ্ট হতো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের ঘোষণা ‘ইতিবাচক’- এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঋণ দাতা এ সংস্থার অভিযোগ অনুযায়ী আগেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে ১০ মাস সময় নষ্ট হতো না। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা আগে থেকেই বলে আসছি, বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া পদ্মাসেতু নির্মাণ সম্ভব হবে না। বিশ্বব্যাংক এ প্রকল্পে ফিরে আসলে আমরা খুশি হব।” “একই সঙ্গে আমরা প্রত্যশা করি, আগামীতে সরকার এ প্রকল্পে দুর্নীতিকে আর প্রশ্রয় দেবে না”, যোগ করেন ফখরুল। বহুজাতিক ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংক বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ সরকার শর্ত পূরণ করায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে তারা নতুন করে যোগ দিচ্ছে। দেশের সবচে বড় এ অবকাঠামো নির্মাণ প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে তা স্থগিত করে বিশ্বব্যাংক। বিশ্ব ব্যাংকের বিবৃতিতে বলা হয়, গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করার আগে বিশ্ব ব্যাংক এ প্রকল্পে দুর্নীতির ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ সরকারকে দেয় এবং চুক্তি অনুযায়ী ঋণ পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে বলে, যা পূরণ করতে সরকার ব্যর্থ হয়। সকালে নয়া পল্টনে হোটেল ভিক্টোরির সেমিনার কক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতাদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল দাবি করেন, পদ্মা সেতু প্রকল্পে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাদের প্রকাশ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। “এটা স্বীকার করতে হবে যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে আগে থেকে ব্যবস্থা নিলে ১০ মাস সময় নষ্ট হতো না। বিশ্বব্যাংক দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ দেয়ার পরও কী কারণে সরকার আগে থেকে ব্যবস্থা নেয়নি? ওই সময় তারা ব্যবস্থা নিলে তারা অর্থায়ন বাতিল করত না।” “আমরা বিশ্ব ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু চাই”, যোগ করেন তিনি। ‘ নতুন নেতৃত্ব ছাত্রদলকে এগিয়ে নেবে’ নতুন কমিটি ছাত্রদলকে সামনের দিকে এগিয়ে নেবে- এমন আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, “আমাদের প্রত্যাশা থাকবে, ছাত্র সমাজের গৌরবময় ঐহিত্যকে সমুন্নত রেখে ছাত্রদল সামনের দিকে গিয়ে যাবে।” সরকারের দলীয়করণের কারণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থার সৃষ্টি হওয়ার অভিযোগ এনে ফখরুল বলেন, “এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা দলীয়ভাবে কাজ করছেন। এটা দেশের জন্য দুঃখজনক।” ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহসম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, জ্যেষ্ঠ সিনিয়র সহসভাপতি বজলুল করীম চৌধুরী শাহিন, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন সভাপতি মহিদুল হাসান হিরু, সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফয়সাল আহমেদ সজল, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, মহানগর উত্তরের সভাপতি আবুল মনছুর খান দীপক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশন, মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক, উত্তররের সভাপতি আবুল মনসুর দীপক ও দক্ষিণের সভাপতি ইসহাক সরকারসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গত ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছাত্রদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪২০ ঘ.