নওগাঁ/রাজশাহী, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই থেকে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে বাংলা ভাইয়ের সহযোগী বলে দাবি করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে জেএমবি নেতা ও কলেজ শিক্ষক লুৎফর রহমানকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় রাজশাহী র্যাব-৫ এর সদর দফতরে সাংবাদিকদের সামনে তাকে হাজির করা হয়।
লুৎফর বাগমারার দক্ষিণ মাঠপাড়া গ্রামের গয়েশ প্রামাণিকের ছেলে ও আত্রাই কলেজের শিক্ষক।
র্যাব-৫ এর জঙ্গী দমন সেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আত্রাই রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী লুৎফর রহমানকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, “লুৎফর জেএমবির গায়েরে এহসার সদস্য। তার বিরুদ্ধে বাগমারা থানায় ৮টি মামলা রয়েছে। এরমধ্যে ৩টি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। পলাতক অবস্থায় লুৎফর জেএমবিকে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছিলেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২২০ ঘ.
bdnews24