ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার নাখালপাড়ার একটি বাড়িতে মুক্তিযোদ্ধাদের নির্যাতন ক্যাম্পে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে দেখেছিলেন এক সাক্ষী।
বৃহস্পতিবার দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় স্বাক্ষী হিসেবে জহির উদ্দিন জালাল জবানবন্দিতে এ তথ্য জানান।
নাখাল পাড়ার ১১২ নং ওই বাড়িটিকে মুক্তিযোদ্ধাদের নির্যাতনের জন্য ব্যবহার করা হতো।
জালাল নিজেকে ‘বিচ্ছু জালাল’ হিসেবে পরিচয় দিয়ে দ্বিতীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে বলেন, সে সময় তিনি ওই বাড়িতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও আমীর মতিউর রহমান নিজামীকে বেশ কর্তৃত্বপূর্ণ অবস্থানে দেখতে পান যেখানে তারা বিভিন্ন বিষয়ে নির্দেশ দিচ্ছিলেন।
১৯৭১ সালের ৩০ অগাস্টের সন্ধ্যায় ওই বাড়ির অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, “ওই দিন রুমি, বদি, জুয়েল, সামাদ ও আলতাফ মাহমুদকে ওই বাড়িতে ধরে আনা হয়।”
শহীদ জননী জাহানারা ইমামের ছেলে রুমি ধরে আনা অন্যদের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং গেরিলা হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। ওই দিনের পর তাদের আর দেখা যায়নি। মনে করা হয় যে, তাদেরকে পাকিস্তানি সেনারা নির্যাতন করার পর হত্যা করেছিল।
একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও দেশত্যাগে বাধ্য করার সাত ঘটনায় গত ২১ জুলাই মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ছাত্র শাখা ইসলামী ছাত্রসংঘের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মুজাহিদ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল বদর বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্নস্থানে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
২০১০ সালের জুন মাসে জামায়াতের এই নেতাকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ জানুয়ারি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
দুপুরের বিরতির আগে রাষ্ট্রপক্ষের এই সাক্ষী মুজাহিদকে মুক্তিযুদ্ধের সময় একদল পাকিস্তানি সেনার সঙ্গে দেখেছিলেন বলেও ট্রাইব্যুনালকে অবহিত করেন।
তিনি বলেন, “১৯৭১ সালের ১০ এপ্রিল পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে মুজাহিদ ও মতিউর রহমান নিজামীকে পাবনার নবনিযুক্ত পুলিশ সুপারিনটেনডেন্টের সঙ্গে সাক্ষাত করতে যেতে দেখেছি।”
জালালের বাবা ছিলেন পুলিশের বিশেষ শাখার সুপারিনটেনডেন্ট। তার বাবা মুজাহিদ ও নিজামী সম্পর্কে সতর্ক থাকতে বলেছিলেন বলেও জানান জালাল।
ট্রাইব্যুনালকে তিনি বলেন, “আমার বাবা বলেছিলেন- এ ধরনের মানুষ সম্পর্কে তোমার সতর্ক থাকা উচিত।”
সাক্ষী জানান, তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। গোলা-বারুদের কার্টন বহন করে তিনি বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের সহযোগিতা করতেন। ওই সময় দ্বিতীয়, চতুর্থ ও অষ্টম রেজিমেন্ট বিদ্রোহ করে এবং সশস্ত্র প্রতিরোধের জন্য নিউক্লিয়াস গঠন করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এএল/২০৫১ ঘ.
bdnews24