ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সরকারের ‘স্বেচ্ছাচারিতার’ বহিঃপ্রকাশ আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার রাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই দাবি জানান।
তিনি বলেন, “জনস্বার্থকে তাচ্ছিল্য করে সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করে চলেছে। সাধারণ মানুষের স্বার্থকে তারা গ্রাহ্য করছে না। ৬ষ্ঠ দফা বিদ্যুতের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত গণবিরোধী।’’
বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে প্রায় ১৫ শতাংশ এবং পাইকারিতে ১৭ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেন।
বর্ধিত এই মূল্যহার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে বলে জানান তিনি।
সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম প্রতি ইউনিটে যথাক্রমে গড়ে ২৮ পয়সা এবং ৩০ পয়সা করে বাড়ানো হয়। গত ১ মার্চ থেকে এই দাম কার্যকর হয়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ছয়দফা বিদ্যুতের দাম বাড়ানোর পর গত জুন মাসে আবার দাম বাড়ানোর প্রস্তাব দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
ওই বিবৃতিতে ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, বিদ্যুৎখাতকে সরকারের কর্তা ব্যক্তিদের আত্মীয়-স্বজননদের ‘লুটপাটের অভয়ারণ্যে’ পরিণত করা হয়েছে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও ইনডেমনিটি আইন প্রনয়ণ করে এই খাতকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।
মির্জা ফখরুল আরো অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার নিরবচিছন্ন বিদ্যুৎ সরবরাহের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলো। তাদের সেই প্রতিশ্রুতি ছিলো জনগণকে ‘ভাঁওতা’ দেওয়ার প্রতিশ্রুতি। বস্তুত দেশবাসীকে চরম দুর্ভোগে নিপতিত করে ‘লুটপাটই’ ছিলো তাদের অন্তর্নিহিত আকাঙ্খা। আর সেই লক্ষ্যেই সরকার নিরন্তর কাজ করে চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৪ ঘ.
bdnews24