ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধি দল বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার রাতে সাক্ষাৎ করেছে।
প্রতিনিধি দলের সদস্যরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৭টা থেকে ঘন্টাব্যাপী বৈঠক করেন খালেদার সঙ্গে।
ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এই সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যান মেইন এমপি। অপর দুই সদস্য হলেন- বব ব্লেকমেন এমপি ও নিক ডি বোয়িস।
সাক্ষাতকালে সংসদীয় গণতন্ত্র ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৬ ঘ.
bdnews24