২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারণ সংসদ অধিবেশন’

সংসদ অধিবেশনকে কারণ দেখিয়ে বিরোধী দলের সাত সংসদ সদস্য অনুপস্থিত থাকায় সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ অধিবেশনকে কারণ দেখিয়ে বিরোধী দলের সাত সংসদ সদস্য অনুপস্থিত থাকায় সচিবালয়ে বোমা বিস্ফোরণের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। মঙ্গলবার শুনানির ধার্যদিনে আসামি পক্ষের সময়ের আবেদনে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামঅ ৩১ অক্টোবর শুনানির নতুন তারিখ ঠিক করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, “সংসদ চলার কারণে এ মামলার সাত আসামি আদালতে উপস্থিত হতে পারেননি। যে কারণে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ধার্য করা হোক।” ওই সাত সংসদ সদস্য হলেন এলডিপি নেতা অলি আহমদ, বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ, বিএনপি নেতা সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহানা আক্তার রানু, নীলুফার চৌধুরী মনি, শাম্মী আক্তার ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আদালতে সংসদ অধিবেশনের কথা বলা হলেও বিএনপিসহ বিরোধী দল সংসদ অধিবেশন বর্জন করে আসছে। গত ৪ সেপ্টেম্বর এই সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হলেও একদিনও বিরোধীদলীয় সংসদ সদস্যদের দেখা যায়নি। অনুপস্থিত কয়েকজন হজ করতে যাবেন বলেও আদালতকে জানান আসামি পক্ষের আইনজীবীরা। সাত সংসদ সদস্য অনুপস্থিত থাকলেও দুপুরে শুনানিতে হাজির ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, রুহুল কুদ্দুস দুলু, আমান উল্লাহ আমানসহ ২২ আসামি। বিচারক শুনানি পেছালেও আসামি পক্ষের আইনজীবীদের বলেন, “এ মামলায় সেযব আসামি আছেন তারা গুরুত্বপূর্ণ লোক। অহেতুক বারবার তাদেরকে আদালতে হাজির করে মামলার বিচারকাজকে বিলম্বিত করবেন না।” হরতালের বিস্ফোরণের এই মামলায় গত ২৬ অগাস্ট বিরোধী দলের ২৮ নেতা জামিন নেন। তবে ওই দিন বিএনপি নেতা রুহুল কবীর রিজভী অসুস্থতার কারণে আদালতে হাজির হননি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় মামলা করে পুলিশ। এ মামলায় পুলিশ গত ৩১ মে বিরোধী দলের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯৫৯ ঘ.