২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে সরাসরি হজফ্লাইট চালুর দাবি বিএনপির

চট্টগ্রাম থেকে হজফ্লাইট ‘বাতিল’ করা হয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে হজফ্লাইট ‘বাতিল’ করা হয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বিএনপি। মঙ্গলবার চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। তবে বিমানের বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, চট্টগ্রামে কোনো হজক্যাম্প না থাকায় এ বছর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে পাঁচটি হজফ্লাইট পরিচালনা করা হবে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি সামশুল আলম ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, সরকারের ‘হঠকারি’ এই সিদ্ধান্তের কারণে এবছর কোনো যাত্রী চট্টগ্রাম থেকে সরাসরি হজে যেতে পারছেন না। এর ফলে চট্টগ্রামের মানুষ হজ পালনে মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছে। অবিলম্বে চট্টগ্রাম থেকে সরাসরি হজফ্লাইট চালুর দাবি জানানো হয় বিবৃতিতে। নেতৃবৃন্দ আরো বলেন, “শুধু হজফ্লাইট নয়, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে স¤প্রতি মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন ফ্লাইট চট্টগ্রাম থেকে বাতিল হয়ে যাচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যে বসবাসকারী অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অনেক বাংলাদেশি শ্রমিক মারাত্মক সঙ্কটে পড়েছে।” অবিলম্বে বিশেষ ফ্লাইটে হলেও এসব প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম থেকে সরাসরি না হয়ে ঢাকা থেকে হজফ্লাইট পরিচালনা করা হবে।” এছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দাগামী ফ্লাইটে করেও আংশিকভাবে সরাসরি হজযাত্রীরা যেতে পারবেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএএইচ/এইচএ/১৯৩৩ ঘ.