ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের অর্থে পদ্মা সেতুর কাজ এই সরকারের মেয়াদে শুরু নিয়ে প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমানের সংশয় থাকলেও আশা ছাড়ছেন না যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
ছুটিতে যাওয়া নিয়ে আলোচনায় থাকা উপদেষ্টা মসিউর রহমানের মত ‘ব্যক্তিগত’ মন্তব্য করে ওবায়দুল কাদের মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “কে কী বলল, সেটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। আমি মন্ত্রী হিসাবে বলছি যে এর মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব।”
বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর সকালেই সাংবাদিকদের বলেছিলেন, এই সরকারের মেয়াদে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করা সম্ভব কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে।
বিশ্ব ব্যাংককে প্রকল্পে ফেরাতে মসিউরকে ছুটিতে পাঠানো হয়েছে বলে সোমবার সরকারের বিভিন্ন সূত্র জানালেও মসিউর নিজে বলেছেন, তিনি ছুটির কোনো আবেদন করেননি।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগ না দিলেও সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন মসিউর।
প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর মসিউরের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে- জানতে চাইলে কাদের বলেন, “কথা হয়েছে কী কী উপায়ে করা যায়। ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে করলে কী হবে, ওয়ার্ল্ড ব্যাংক করলে কতটা সময় লাগবে, কী কী আমাদের করতে হবে?”
বিশ্ব ব্যাংক না ফিরলে চীন কিংবা কোরিয়ার প্রস্তাব এমনকি নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের বিষয়েও মসিউরের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি গত ২৯ জুন বাতিল করে বিশ্ব ব্যাংক। গত সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তুলে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। ওই সব শর্ত পূরণ হয়নি জানিয়ে চুক্তি বাতিল করে তারা।
বিশ্ব ব্যাংককে ফেরাতে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ইতোমধ্যে পদত্যাগ করেছেন। ছুটিতে গেছেন সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইন ভূইঞাও।
মসিউর ছুটিতে গেলে বিশ্ব ব্যাংক তাদের আগের সিদ্ধান্ত বদলাবে বলে সংস্থাটির ঢাকার কর্মকর্তারা বলে আসছেন।
বিশ্ব ব্যাংকে ফেরাতে চেষ্টার কথা জানিয়ে কাদের বলেন, “বিশ্ব ব্যাংকের কোনো দরজাই আমরা বন্ধ করিনি। সব দরজাই খোলা আছে।”
মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে অংশ নেয়া যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে পদ্মা প্রকল্প নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি রাজনীতিতে পদ আঁকড়ে থাকার ‘সংস্কৃতির’ সমালোচনা করে বলেন, “যখন কাজ করতে পারব না, কেন বোঝা হয়ে থাকব? আমি যখন মনে করব আমি আর নিতে পারছি না, তখন আমি নিজে নিজেই সরে দাঁড়াব।”
“কিন্তু আমাদের দেশের অনেক পলিটিশিয়ান, তারা মরণের আগে পদ ছাড়তে চায় না। প্রতিনিধিত্ব ছাড়তে চায় না,” একইসঙ্গে বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।
অনুষ্ঠানে বিআরটিএর সহযোগিতায় পরিচালিত ব্র্যাকের ড্রাইভিং স্কুলের প্রথম ব্যাচের ২১ জন নারীচালকের হাতে সনদপত্র তুলে দেন যোগাযোগমন্ত্রী।
গাড়িচালনা পেশায় নারীদের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “আমার মনে হয়, একজন মহিলা ঠা-া মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে তাদের হাতে দুর্ঘটনার ঝুঁকিও অনেক কমে যাবে বলে আমি আশা করি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট চালুরও ঘোষণা দেন কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৮১৫ ঘ.
bdnews24