ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলাজট কমাতে সরকার বিচারিক আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দিতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “দেশের নি¤œ আদালতগুলোর বিচারাধীন মামলা নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।”
গত মার্চ মাসে আইনমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, নি¤œ আদালতে দেওয়ানি মামলার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৪১৪টি।
মামলাজট কমাতে ইতোমধ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনও করেছে সরকার।
দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে শতবর্ষ আগের কোড অফ সিভিল প্রসিডিউর (সংশোধন) বিলও সোমবার সংসদে পাস হয়।
এই আইন সংশোধনের বিষয়ে শফিক আহমেদ বলেন, বিদ্যমান বিধান অনুযায়ী বিবাদীর অনুপস্থিতিতে তার পরিবারের শুধু প্রাপ্ত পুরুষ সদস্য সমন নিতে পারেন। প্রাপ্ত বয়স্ক নারীরা যাতে এরূপ পরিস্থিতিতে সমন নিতে পারেন সে লক্ষ্যে বিধান করা সময়ের দাবি।
সংশোধিত আইনে ১৫ নম্বর বিধিতে ‘পুরুষ সদস্যের’ পরিবর্তে ‘প্রাপ্তবয়স্ক সদস্য’ রাখা হয়েছে।
“এই আইনটি কার্যকর হলে দেওয়ানি মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা কমবে ও অর্থও বাঁচবে,” বলেন আইনমন্ত্রী।
১৯০৮ সালে প্রণীত আইন সংশোধনের জন্য এই বিলটি গত মার্চ ১৯ সংসদে উত্থাপিত হয়। সোমবার মন্ত্রী পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
জেলা শহরের বাইরেও হাকিম আদালত
জেলা শহরের বাইরে যে কোনো জায়গায় বিচার বিভাগীয় মুখ্য হাকিমসহ অন্যান্য হাকিম আদালত স্থানান্তরে সোমবার সংসদে বিল পাস হয়েছে।
আইনমন্ত্রী উত্থাপিত কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সংশোধন বিলটি আইনমন্ত্রী উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর মধ্য দিয়ে ১৯৯৮ সালে প্রণীত আইনটি যুগোপযোগী করা হল বলে সরকারের ভাষ্য। ওই আইনে হাকিম আদালত জেলা শহরের বাইরে অন্যত্র স্থানান্তরের বিধান ছিল না।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “সহজে বিচার প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অনেক সময় মামলার সংখ্যা, জেলা শহর দূরে থাকার কারণে যাতায়াতে জনগণের কষ্ট লাঘব, জনগণের চাহিদা বিবেচনায় জেলা শহরে অবস্থিত আদালতগুলো অন্যত্র স্থানান্তর করা প্রয়োজন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২১৫৮ ঘ.
bdnews24