কুমিল্লা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় যুবদল নেতা তৌফিকুল ইসলাম সোহেল (৪০) হত্যার ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান ও তার ছোট ভাই আহসান হাবিব মিঠুর বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী বদরুন নাহার রুনা।
রোববার বিকালে নগরীর রেইসকোর্স এলাকায় বুকে ছুরি বসিয়ে সোহেলকে হত্যা করার অভিযোগ রয়েছে আহসান হাবিব মিঠুর বিরুদ্ধে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় মিঠু ও তার বড় ভাই মোস্তফা জামানসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে সোমবার সোহেলের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১০ ঘ.
bdnews24