কুমিল্লা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথা কাটাকাটির জেরে রোববার কুমিল্ল¬ায় যুবদলের এক নেতার ছুরিকাঘাতে আরেক নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নগরীর রেইসকোর্স এলাকায় এ হামলায় নিহত হন জেলা যুবদল নেতা তৌফিক ইসলাম সোহেল (৪০)।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে রেইসকোর্সের একটি রেস্টুরেন্টে ১৮ দলীয় জোটের সাংগঠনিক কমিটির সভা হয়।
সভা শেষে রেস্টুরেন্টের সামনে তৌফিক ইসলাম সোহেল ও মহানগর যুবদল নেতা আহসান হাবিব মিঠুর (৩৮) মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আহসান হাবিব মিঠু পাশের চায়ের দোকান থেকে ছুরি নিয়ে সোহেলের বুকের ডান ও বাম পাশে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই সোহেল লুটিয়ে পড়েন।
সঙ্গে সঙ্গে তাকে মুন হাসপাতালে নেয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হামলাকারী আহসান হাবিব মিঠু জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামানের ছোট ভাই।
এ ঘটনায় রেইসকোর্স এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৮ ঘ.
bdnews24