২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষমতায় গেলে বিদ্যুতের দাম কমাবে বিএনপি’

জ্বালানি ও বিদ্যুৎ খাতে সমস্যা সমাধানে খসড়া পরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়ে বিএনপি বলেছে, ক্ষমতায় গেলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমাবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি ও বিদ্যুৎ খাতে সমস্যা সমাধানে খসড়া পরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়ে বিএনপি বলেছে, ক্ষমতায় গেলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমাবে তারা। শনিবার ‘বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট : উত্তরণের পথ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতা খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পরিকল্পনার কথা জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, “সরকারের ভ্রান্ত ও দুরভিসন্ধিমূলক নীতির কারণে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এ থেকে উত্তরণে এখনি আমাদের একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যাতে আগামীতে ক্ষমতায় গেলে প্রথম দিন থেকে আমরা এই খাতের উন্নয়নে কাজ শুরু করতে পারি।” এই লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে জ্বালানি বিষয়ক একটি জাতীয় কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, “আমরা টেকসই জ্বালানি পরিকল্পনা প্রণয়ন করতে চাই, যাতে এর থেকে দেশের মানুষ সুফল পায়। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ওই পরিকল্পনার আওতায় বিদ্যুতের দামও কমিয়ে আনা হবে।” জ্বালানি ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে- এই দাবি করে আসা বিএনপি শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই গোল টেবিল আলোচনার আয়োজন করে। বৈঠকে মূল প্রবন্ধ পড়ে শোনান দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন। এতে বিদ্যুৎ ও জ্বালানির বর্তমান চিত্র, সরকারের ‘ভ্রান্ত নীতির’ ব্যর্থতা এবং সঙ্কট থেকে উত্তরণে করণীয় তুলে ধরেন। সাবেক জ্বালানি মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, “আমাদের বিদ্যুৎ ও জ্বালানি খাততে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কারণ দেশের জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে হলে এনার্জির প্রবৃদ্ধিও বাড়াতে হবে। বিদ্যুৎ সমস্যার আশু সমাধানে দ্রুতভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনের বিরোধিতা করে তিনি বলেন, “সরকারের লোকজনকে কুইক মানি ইনকামের পথ করে দিতেই রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এর ফলে তরল জ্বালানির মূল্য শতকরা ৫ ভাগ থেকে বেড়ে বর্তমানে ৩১ ভাগে উন্নীত হয়েছে।” তরল জ্বালানির ব্যবহার নিরুৎসাহিত করা গেলে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমে আসবে বলে মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের এই শিক্ষক। বিদ্যুৎ আমদানির পক্ষে মত জানিয়ে সাবেক জ্বালানি মন্ত্রী মোশাররফ বলেন, মিয়ানমার, নেপাল, ভারতের মেঘালয়ে যেখানে জলবিদ্যুৎ ক্ষেত্র রয়েছে, সেখান থেকে বিদ্যুৎ আনার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে মিয়ানমারকে বেশি প্রাধান্য দিতে হবে। বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে বড়পুকুরিয়ার মতো খালাশপীর খনি থেকে কয়লা উত্তোলনের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি। কয়লা উত্তোলনের ক্ষেত্রে বাংলাদেশের জনঘনত্ব এবং ফসলি জমির কথা বিবেচনা করে ভূগর্ভস্থ পদ্ধতি প্রয়োগের পক্ষে মত দেন ভূতাত্ত্বিক বিজ্ঞানের সাবেক এই অধ্যাপক। গ্যাস উত্তোলন, সঞ্চালন, বিতরণ সহজ করতে বাপেক্সসহ তিনটি সংস্থাকে একীভূত করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি এলএনজি আমদানির পক্ষেও মত সাবেক জ্বালানি মন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের অনুসৃত নীতির সমালোচনা করে ফখরুল বলেন, “সংসদে দায়মুক্তি আইন করে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের ব্যবস্থা করেছে। কেবল তাই নয়, শেয়ারবাজার, রাষ্ট্রায়াত্ত ব্যাংক, পদ্মা সেতু প্রকল্প থেকে শুরু করে সব জায়গায় লুটপাট করে বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করেছে তারা।” “সব সঙ্কট উত্তরণে করণীয় নির্ধারণে বিএনপি কাজ শুরু করে দিয়েছে। আমরা দেশের বিদ্যমান সঙ্কটগুলো চিহ্নিত করে করণীয় ঠিক করতে নীতি প্রণয়নের কাজ হাতে নিয়েছি। উদ্দেশ্য, সরকারে গিয়ে এর বাস্তবায়ন শুরু করা,” বলেন তিনি। বিএনপির এই গোলটেবিল আলোচনায় অংশ নেন বুয়েট অধ্যাপক নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, সাবেক জ্বালানি সচিব এ এম এম নাসির উদ্দিন, পিডিবির সাবেক সদস্য প্রকৌশলী মতিউর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা আল মাহমুদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭২২ ঘ.