গাজীপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে আফসার উদ্দিন খানের প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে বলধা বাজার এবং দরদরীয়ায় আফসারের প্রচারণার মাইক ও মাইক্রোফান ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি নিজে।
এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
রিমির ভাই ও আফসারের ভাস্তে তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে অনুষ্ঠিত গাজীপুর-৪ আসনে উপনির্বাচনে আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে। এতে চাচা-ভাতিজি ছাড়াও সিপিবি প্রার্থী আসাদুল্লাহ বাদল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিকালে স্থানীয় চাঁদপুর বাজারে এক পথসভায় তিনি বলেন, রিমি’র কর্মীরা বলধা বাজার এলাকায় তার নির্বাচনী প্রচারনার মাইক ছিনিয়ে নিয়েছে। দুপুর সাড়ে ৩টার দিকে দরদরীয়া এলাকায় ছিনিয়ে নিয়েছে প্রচারণার মাইক্রোফোন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রার্থীর ‘সন্ত্রাসীরা’ তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে বাধা দিচ্ছে। এ ব্যাপারে তিনি রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আফসার উদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট সারওয়ার-ই-কাইয়ানাত বলেন, সকাল ১১টার দিকে কাপাসিয়া বাস টার্মিনাল থেকে গণসংযোগ শুরু করেন আফসার উদ্দিন।
পরে নলগাঁও বাজার, নলগাঁও উচ্চ বিদ্যালয়, বলখেলা বাজার, ভাকুয়াদি বাজার, ভাকুয়াদি প্রাইমারী স্কুল, ভাকুয়াদি হাইস্কুল, চাঁদপুর বাজার এলাকায় গণসংযোগ করেন।
এদিকে আফসারের ভাতিজি তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমিও সাকাল থেকে বারিষাব ইউনিয়নের কুশদি, বেলতলী, বর্জাপুর, লোহাদি, বারাবো, সিংগুয়াসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।
বিকালে তিনি টোক নরেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপ-নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থীর সমন্বয়কারী তোফায়েল আহমেদ।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আসাদুল্লাহ বাদলও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২০ ঘ.
bdnews24