গাজীপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তার চাচা স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দিন আহমদ খান।
আফসার শনিবার রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদের কাছে লিখিত অভিযোগ দেন। এতে তিনি বলেছেন, সরকারদলীয় প্রার্থীর পক্ষে কতিপয় সন্ত্রাসীর হুমকি-ধমকির কারণে তিনি প্রচার চালাতে পারছেন না।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেবেন।
রিমির ভাই ও আফসারের ভাস্তে তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে অনুষ্ঠিত গাজীপুর-৪ আসনে উপনির্বাচনে আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে। এতে চাচা-ভাতিজি ছাড়াও সিপিবি প্রার্থী আসাদুল্লাহ বাদল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আফসারের অভিযোগ, সিংহশ্রী ইউনিয়নে তার নির্বাচনী কার্যালয় দখল করা হয়েছে।
প্রতীক বরাদ্দের দুদিন আগেই রিমির পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। তার আরো অভিযোগ, নির্বাচনী আইন লঙ্ঘন করে রিমি সমাবেশ করেছেন।
ফেরারি বেশ কয়েকজন আসামি আফসার সমর্থকদের মারধর এবং হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়।
সন্ত্রাসীদের বিষয়ে আফসারের অভিযোগ নিয়ে কাপাসিয়া থানার ওসি দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১০ সেপ্টেম্বর কাপাসিয়া বাজার এলাকায় জনসংযোগের সময় আফসার উদ্দিনের কর্মীদের বাধা প্রদান করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24