২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে নতুন মন্ত্রীরা

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে ছয়জন বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দেন। অধিবেশনের ফ্লোরে সংসদ সদস্যদের অনেকের সঙ্গে সঙ্গে তাদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে ছয়জন বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দেন। অধিবেশনের ফ্লোরে সংসদ সদস্যদের অনেকের সঙ্গে সঙ্গে তাদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়। বৃহস্পতিবার বিকাল ৫টার কিছু সময় পর ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে নতুনদের কেউই উপস্থিত ছিলেন না। তার ঘণ্টাখানেক আগে বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সংসদের হুইপ মুজিবুল হক এবং সাবেক দুই কূটনীতিক এ এইচ মাহমুদ আলী ও মোস্তফা ফারুখ মোহাম্মদ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রাজশাহীর সংসদ সদস্য ফারুক চৌধুরী এবং ঝিনাইদহের সংসদ সদস্য আব্দুল হাই। বিকাল ৫টা ২০ মিনিটে অধিবেশন কক্ষে ঢোকেন প্রতিমন্ত্রী আব্দুল হাই। তারপর অধিবেশনে যোগ দেন ইনু, মাহমুদ আলী, মোস্তফা ফারুখ ও ওমর ফারুক। হুইপ মুজিবুল হক সংসদে ঢোকেন পৌনে ৮টার দিকে। তবে অনুপস্থিত ছিলেন মহীউদ্দীন খান আলমগীর। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান অধিবেশন কক্ষে ঘুরে ঘুরে নতুনদের সঙ্গে করমর্দন করেন। আবার অনেককে আসন ছেড়ে নতুনদের পাশে এসে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। সংসদে সবচেয়ে বেশি হাস্যোজ্জ্বল দেখা যায় মুজিবুল হককে। হুইপকে স্বাগত জানান আরেক হুইপ আসম ফিরোজ, প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ অনেকে। মন্ত্রীর প্রস্তাব পাওয়ার পর প্রত্যাখ্যানকারী তোফায়েল আহমেদ মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশনে আসেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ছিলেন। মাগরিবের নামাজের বিরতির পর এমপিদের লবি ও সংসদ সচিবালয়ের ক্যান্টিনে নতুন মন্ত্রীদের নিয়ে সরগরম আলোচনা হয়। হুইপ মুজিবুল হক মন্ত্রিত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “আমরা হলাম ফুটবল মাঠের শেষ দিকের খেলোয়াড়। আমাদের লক্ষ্য গোল দেওয়া।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২২১২ ঘ.