ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ সময়ে এসে মন্ত্রিসভায় যোগ না দেয়ার সিদ্ধান্তের জন্য তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।
গত শতকের ষাটের দশকে ছাত্র আন্দোলন সংগঠনে মেনন ও তোফায়েলের সিদ্ধান্ত যথার্থ বলে মনে করেন ওই সময়ের ছাত্র নেতা নোমান।
বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকের টক অব দ্য ডে হচ্ছে, স্বৈরাচার আইয়ুববিরোধী আন্দোলনের দুই সংগ্রামী ছাত্র নেতা তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
“সরকারের শেষ সময়ে এসে তাদের এই সিদ্ধান্তকে আমি অভিনন্দন জানাই। আমরা মনে করি, তারা বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন।”
শেখ হাসিনার মন্ত্রিসভার সম্প্রসারণে আওয়ামী লীগ নেতা তোফায়েল ও ওয়ার্কার্স পার্টির নেতা মেননকে মন্ত্রী হতে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্তে তোফায়েল এবং দলীয় সিদ্ধান্তে মেনন সে প্রস্তাব গ্রহণ করেননি।
ডাকসুর দুই ভিপি মেনন ও তোফায়েলের সঙ্গে ষাটের দশকে রাজপথে থাকার অভিজ্ঞতা তুলে ধরে নোমান বলেন, “একাত্তরে আওয়ামী লীগ যখন স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারছিল না। তখন সেদিনকার ছাত্র সংগ্রাম পরিষদে আমরা সবাই আমরা ১১ দফা নিয়ে দেশকে স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম।”
তোফায়েলের সিদ্ধান্ত গণতান্ত্রিক আন্দোলনকে আরো শক্তিশালী করবে বলে নোমান মনে করেন।
পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাশেদ খান মেননকে অভিনন্দন জানিয়ে ওই সংগঠনের সাবেক নেতা নোমান বলেন, “কিছুদিন আগে আমি এক টক শোতে মেনন ও ইনু সাহেবকে আহ্বান জানিয়ে বলেছিলাম, আপনার যেভাবে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বক্তব্য রাখছেন। তাতে আপনাদের মহাজোট থেকে বেরিয়ে জনতার কাতারে আসা উচিৎ। জনগণ আপনাদের স্বাগত জানাবে।”
মেনন প্রত্যাখ্যান করলেও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মন্ত্রিত্ব গ্রহণ করেছেন।
মন্ত্রিসভা সম্প্রসারণের প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী নোমান বলেন, “সরকারের শেষ সময়ে এটা করে কোনো লাভ হয় না, বরং এতে সরকারের দুর্বলতাই প্রকাশ পাবে। আজকে মন্ত্রিসভার এই সম্প্রসারণে দেশের সঙ্কট কাটবে না।”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়ের পর আপিলের জন্য সময়সীমা কমানোর প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী ফোরামের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নোমান।
সভায় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ, বিএনপির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, দেশনেত্রী ফোরামের চেয়ারম্যান শহীদ চৌধুরী, উপদেষ্টা সালেহ মো. মাজেদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০২৬ ঘ.
bdnews24