ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারে যোগ না দেওয়ার ব্যাখ্যায় ১৪ দলীয় জোট সক্রিয় করতে তাগিদ উপেক্ষা করাকে কারণ হিসেবে দেখিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
মহাজোট সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে বৃহস্পতিবার শপথ নিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার দল ওয়ার্কার্স পার্টি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেননের মন্ত্রী হওয়া হয়নি।
মেনন এবং তার সঙ্গে ব্যক্তিগত কারণে তোফায়েল মন্ত্রী হতে রাজি না হওয়ায় তাদের দুজনকে ছাড়াই শেখ হাসিনা সরকারে নতুন করে যুক্ত হন সাতজন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেননের কাছে মন্ত্রী হওয়ার প্রস্তাব আসার পর বৃহস্পতিবার সকালে বৈঠকে বসে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। এতে সভাপতিত্ব করেন মেনন।
দলীয় কার্যালয়ে তিন ঘণ্টার ওই বৈঠকের পর পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দলীয়ভাবে এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করছি।”
এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাগীব আহসান মুন্না বলেন, “আগেই আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা ১৪ দলে থাকব, তবে মন্ত্রিসভায় যোগ দেব না।”
দলীয় সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ওয়ার্কার্স পার্টির এক বিবৃতিতে বলা হয়, “মহাজোট সরকারে ১৪ দলের শরিক হিসাবে ওয়ার্কার্স পার্টি অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকার মন্ত্রিসভা গঠনসহ রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রী অথবা আওয়ামী লীগের এযাবত কোনো আলোচনা হয়নি।
“ওয়ার্কার্স পার্টি ১৪ দলকে সক্রিয় করার জন্য বারবার তাগাদা দিয়েছে, কিন্তু কোনো ফলোদয় হয়নি। এই পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টি সিদ্ধান্ত গ্রহণ করে যে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিসভায় যোগদানের আর কোনো অবকাশ নাই।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণ নিয়ে ওয়ার্কার্স পার্টি এক দফা ভাঙনের সম্মুখীন হয়েছিল।
মেননের দল মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তার রাজনৈতিক সঙ্গী জাসদ সভাপতি হাসানুল হক ইনু মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মন্ত্রিসভায় যোগ না দিলেও সরকারের প্রতি ওয়ার্কার্স পার্টির সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলের সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস।
তিনি বলেন, “১৪ দলের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাব এবং সরকারের ভাল কাজকে সংসদে ও সংসদের বাইরে সমর্থন দিয়ে যাব।”
তবে মেননকে মন্ত্রী করার প্রস্তাব দেয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, “ওয়ার্কার্স পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল তথা মহাজোটের ঐক্যকে দৃঢ়ভাবে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ।”
এদিকে সরকারে যোগ না দেওয়ার পলিটব্যুরোর সিদ্ধান্তে মেননের নিজের জেলা বরিশালে ওয়ার্কার্স পার্টির মিষ্টি বিতরণ করেছে।
দুপুরে নগরীর ফকিরবাড়ি রোড দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণের সময় ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নজরুল হক নিলু, বরিশাল জেলা শাখার সম্পাদক বিশ্বজিৎ বাড়ৈ, সদস্য শান্তি দাস, জেলা যুব মৈত্রীর সভাপতি টিপু সুলতান প্রমুখ।
নজরুল সাংবাদিকদের বলেন, “পলিটব্যুরো চায় না সরকারের শেষ বেলায় রাশেদ খান মেমন মন্ত্রী হন। তিনি (মেনন) পলিটব্যুরোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তাই তাকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১৯২০ ঘ.
bdnews24