ফারহান ফেরদৌস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই মুহূর্তে দায়িত্ব নেয়ার কোনো প্রস্তুতি না থাকায় মন্ত্রিসভায় যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানালেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।
সরকারের সাফল্য কামনা করে তিনি বলেছেন, ব্যক্তি হিসেবে তার মন্ত্রী হওয়া না হওয়ায় কিছু যায় আসে না। সরকার পরিচালনায় তার দল সফল হলেই হল।
শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোটের মন্ত্রিসভার চতুর্থ দফা সম্প্রসারণে মন্ত্রী হতে বৃহস্পতিবার সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকেও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি সে দায়িত্ব নিতে অপারগতা জানান।
এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে হাসিনার গত সরকারের শিল্পমন্ত্রী তোফায়েল সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে আমি রাজনৈতিক, মানসিক ও সামাজিকভাবে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত নই।
“দ্বিতীয়ত আমাকে কাপাসিয়া উপ-নির্বাচনের যে দায়িত্ব দেয়া হয়েছে, এখন আমি সেই দায়িত্বই ভালোভাবে পালন করতে চাই।”
তিনি আরো বলেন, “আমি আমার দলকে ভালোবাসি, আমার দলেরই সরকার। আমি মনে করেছি যে এ মুহূর্তে মন্ত্রিসভায় যোগ দিয়ে আমি কিছুই করতে পারব না।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে নিজের বাড়িতে টেলিভিশনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান দেখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
“যারা এখন মন্ত্রী আছেন বাকি দিনগুলো তারাই ভালো করে কাজ করতে পারবেন এবং নতুন করে যারা যোগ দিয়েছেন, তারাই যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবেন। আমার মতো একজন তোফায়েল আহমেদ মন্ত্রিসভায় যোগদান না করলে তাতে কিছুই যায় আসে না,” বলেন তিনি।
বঙ্গবন্ধুর রাজনৈতিক সংস্পর্শে থাকা তোফায়েল ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর দলে সংস্কারের দাবি তুলে কর্মী-সমর্থকদের সমালোচনার মুখে পড়েন।
এরপর ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠন করলে সাবেক মন্ত্রী তোফায়েল তাতে ঠাঁই পাননি। এরপর আওয়ামী লীগের কাউন্সিলে নীতি-নির্ধারণী পদও হারান তিনিসহ কয়েকজন। তাদের ঠাঁই হয় কর্তৃত্বহীন উপদেষ্টা পরিষদে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য তোফায়েল বলেন, নিজেকে দলের সাধারণ কর্মী পরিচয় দিতে স্বচ্ছন্দ্য বোধ করেন তিনি। তার ভাষায়, ‘মন্ত্রিত্ব থেকে দল বড়’।
“দলের লক্ষ-লক্ষ হাজার-হাজার কর্মী, তারা এই দলকে সংগঠিত করে রেখেছে, আমি তাদের একজন। সুখে দুঃখে তাদের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব।”
বর্তমান সরকার সফলভাবে দেশ পরিচালনা করছে বলেও মনে করেন তিনি।
তোফায়েল বলেন, “আমাদের বর্তমান যে মন্ত্রিসভা, আমি মনে করি তারা সফলতার সাথে কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন দক্ষ রাষ্ট্র নায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি সব সময় পরিশ্রম করছেন, সঠিকভাবে সরকার পরিচালনা করছেন।”
মন্ত্রী না হওয়ার এই সিদ্ধান্ত বিরোধী দলকে সমালোচনার সুযোগ করে দিতে পারে কি না- জানতে চাইলে তিনি বলেন, “বিরোধী দল তো সব বিষয়েই সুযোগ নিতে চায়। এ আর নতুন কী।”
কোনো ধরনের হতাশা থেকে এই সিদ্ধান্ত কি না- জানতে চাইলে তোফায়েল বলেন, “আমার মধ্যে কোনো ক্ষোভও নেই, হতাশাও নেই।
“থাকবে কী কারণে? আমি একজন জাতীয় সংসদ সদস্য, একটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমি আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সদস্য।”
“প্রধানমন্ত্রী যে কোনো সময়ে ডাকেন, আমি তার নেতৃত্বে কাজ করি। এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। আমি এখনো আওয়ামী লীগের জন্য জীবন দিতে পারি,” বলেন মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানকারী এই নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএইচএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24