২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন মন্ত্রীতেও শেষ রক্ষা হবে না’

মেয়াদের শেষ সময়ে এসে মন্ত্রিসভা সম্প্রসারণ প্রসঙ্গে এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদের শেষ সময়ে এসে মন্ত্রিসভা সম্প্রসারণকে সরকার রক্ষার ‘কোরামিন’ বলে আখ্যায়িত করে বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরপরও সরকারের শেষ রক্ষা হবে না। বৃহস্পতিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, “সরকারের সময় শেষ হয়ে গেছে। জনগণের কাছ থেকে জনপ্রিয়তা ও আস্থা হারিয়ে এখন বিভিন্ন কোরামিন ও অ্যান্টিবায়োটিক দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা হিসেবে এই মন্ত্রিসভার সম্প্রসারণ। এতে কোনো কাজ হবে না।” এর আগে দুপুরে মন্ত্রী হিসাবে শপথ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সংসদের হুইপের দায়িত্বে থাকা মুজিবুল হক এবং দুটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করা এ এইচ মাহমুদ আলী ও মোস্তফা ফারুখ মোহাম্মদ। এ ছাড়া রাজশাহীর সাংসদ ফারুক চৌধুরী এবং ঝিনাইদহের সাংসদ আব্দুল হাই প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন। শেরে বাংলা নগরে ছাত্রদলের নতুন সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের নেতৃত্বে নবগঠিত কমিটি গঠন উপলক্ষে ছাত্রদল নেতারা ফখরুলকে নিয়ে জিয়ার কবর জিয়ারত করতে যান। গত ৩ সেপ্টেম্বর গভীর রাতে খালেদা জিয়া ছাত্র দলের পুরনো কমিটি বিলুপ্ত করে ১৫১ সদস্যের নতুন কমিটি গঠনের অনুমোদন দেন। একই সঙ্গে নতুন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির ৫ জন করে নেতার নাম ঘোষণা করেন। মন্ত্রিসভা স¤প্রসারণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “মহাজোটের মধ্যে বিদ্রোহ প্রশমিত করার জন্য জোটের শরিকদের মন্ত্রিসভায় নেয়া হচ্ছে। কারণ গত কয়েকদিন আগে বাম নেতারা আলাদা বৈঠক করে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছিল। তাই তাদের সান্ত্বনা ও ব্যর্থতার অংশীদারিত্ব করতেই শরিক নেতাদের নেয়া হচ্ছে বলে আমরা মনে করি।’’ “এটা বাঁচার শেষ চেষ্টার করছে তারা (সরকার)। অবস্থাটা খড়কুটা ধরে বাঁচার মতো।” মহাজোট থেকে ১৮ দলীয় জোটে নতুন দল যোগ দেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে ফখরুল বলেন, “নির্দলীয় সরকারের দাবিতে আমরা আন্দোলন করছি। এই দাবির সমর্থনে জনগনসহ দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছি। ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি আরও সাড়া পাব।” এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত দুই দিনে ছাত্রদলের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার নিন্দা জানান বিএনপি মুখপাত্র। তিনি বলেন, “ছাত্রলীগের এ ধরনের আক্রমণ সব সভ্যতাকে হার মানিয়েছে। শিক্ষাঙ্গনকে তারা কুলষিত করেছে। আমরা এরকম ঘটনার ব্যর্থতার জন্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করছি।” জিয়ার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অপর্ণের সময় বিএনপির মির্জা আব্বাস, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৬৪২ ঘ.